'এসো মিলি সবে নবান্নের উৎসবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পরিবেশনা l ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পরিবেশনা l ছবি: আবদুস সালাম

গতকাল মঙ্গলবার রাজধানীর উৎসব উপভোগের কেন্দ্রবিন্দু ছিল চারুকলার বকুলতলা প্রাঙ্গণ। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে উৎসব উদ্বোধন করেন ভাষাসংগ্রামী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুড়ি-মুড়কি-বাতাসা আর নানা মুখরোচক পিঠার পসরা ছিল সেখানে। লোকজ ঐতিহ্য উৎসবের আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ। অন্যদিকে বাংলাদেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে শুরু হয়েছে দুই দিনের নবান্ন ও লোকজ মেলা।
চারুকলার বকুলতলা ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে নবান্ন উৎসব উদ্যাপনের জন্য দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে দিনভর ছিল নানা আয়োজন। বকুলতলায় ভোরের প্রথম প্রহরে বংশীবাদক এস এম মোর্তজা কবির মুরাদের রাখালিয়া বাঁশির সুরে শুরু হয় নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা। ছিল নবান্ন কথন। নবান্ন কথনে অংশ নেন লায়লা হাসান, শুভ রহমান, কাজী মদিনা, হাসিনা মমতাজ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম। স্বাগত বক্তব্য দেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।
এই আয়োজনে ছিল মাটির গান, কৃষকের গান, ফসল তোলার আনন্দের গান। গান পরিবেশন করেন ফরিদা পারভীন, আবু বকর সিদ্দিক, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, উদীচী। গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে এম আর ওয়াসেকের পরিচালনায় নন্দন কলাকেন্দ্র, অনিক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, সাইরেনের পরিচালনায় গারো আদিবাসীদের ওয়ানগালা জুম নৃত্য পরিবেশন করে গারো সাংস্কৃতিক সংগঠন আচিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজার চৌধুরী।
প্রথম পর্বের পরিবেশনা শেষে সকাল ৯টা ৫ মিনিটে চারুকলার বকুলতলা থেকে বের হয় নবান্ন শোভাযাত্রা। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

নবান্ন উপলক্ষে কুমিল্লা নগরে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে কুমিল্লা সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো
নবান্ন উপলক্ষে কুমিল্লা নগরে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে কুমিল্লা সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো

কুমিল্লায় নবান্ন উত্সব ও পিঠা মেলা: বর্ণাঢ্য শোভাযাত্রা, ধান কাটা, গ্রামীণ খেলা, পিঠা মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লায় নবান্ন উত্সব ১৪২৩ হয়েছে। জেলা প্রশাসন ও কুমিল্লা সাংস্কৃতিক জোট আলাদাভাবে ওই অনুষ্ঠান করে।
বেলা তিনটায় কুমিল্লা নগরের শিশু উদ্যানের জামতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে কুমিল্লা সাংস্কৃতিক জোট। শহর ঘুরে তা ফিরে আসে এ উদ্যানে। সেখানে কুমিল্লার ১৪টি সাংস্কৃতিক সংগঠন নাচ, গান, পুঁথিপাঠ, বাউল সংগীত ও আবৃত্তি করে।
বেলা সাড়ে তিনটায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। কুমিল্লা টাউন হল মিলনায়তনে এসে তা শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুল্লাহ প্রমুখ।
নবান্ন উত্সবকে কেন্দ্র করে টাউন হলের করিডরে বসে পিঠা মেলা।
খুলনায় নানা আয়োজনের নবান্ন উৎসব: নবান্ন উৎসব ১৪২৩ উপলক্ষে গতকাল দুপুরে খুলনা শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। খুলনা সিটি করপোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
হাদিস পার্কে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।