'ও আলোর পথযাত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল গতকাল। মিলনায়তনজুড়ে সাদা পোশাক আর গলায় লাল স্কার্ফ জড়ানো শিশুদের ছোটাছুটি, হইচই। কারও কারও হাতে রঙিন বেলুন। একটু পর পর স্লোগান—‘আমরা কারা, শান্তির পায়রা’, ‘খেলাঘর চায় কী, শিক্ষা শান্তি,’। হইচই থামল। শুরু হলো সমবেত কণ্ঠের গান, ‘ও আলোর পথযাত্রী’।
খেলাঘরের জন্ম হয়েছিল ১৯৫২ সালে। শিশু সংগঠনটি ৬৩ বছর অতিক্রম করে গতকাল ২ মে। শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেওয়া হয় ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ বছর ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক’ পেলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যজন লিয়াকত আলী এবং প্রবীণ খেলাঘর সংগঠক নৃপেন্দ্র কুমার চক্রবর্তী। পদক তুলে দেন প্রধান অতিথি। অনুপস্থিত থাকায় মুস্তাফা নূরউল ইসলামের পক্ষে পদকটি গ্রহণ করেন পান্না কায়সার।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা। পরে অতিথিদের স্কার্ফ পরিয়ে বরণ করে নেয় খেলাঘরের শিশু-কিশোরেরা। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আবুল ফারাহ।
অশোকেশ রায়ের উপস্থাপনায় তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় খেলাঘরের আসরের শিশু-কিশোরদের পুঁথি পাঠের মধ্য দিয়ে। এরপর ছিল গান, বৃন্দ আবৃত্তি এবং সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন থেকে আবৃত্তি করেন সুবর্ণা আফরিন এবং শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতা পাঠ করেন রাইসা। একক নৃত্য পরিবেশন করে আদিবা।