ও মাই গড! অটোগ্রাফ দেব! : নুসরাত ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অনেক ‘প্রথম’ সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’।

িহমু সিরিজের সব বই–ই পড়ে​েছন নুসরাত ফারিয়া। ছবি: প্রথম আলো
িহমু সিরিজের সব বই–ই পড়ে​েছন নুসরাত ফারিয়া। ছবি: প্রথম আলো

প্রথম পারিশ্রমিক

বছর চারেক আগের কথা। একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি ‘তারকা আলাপ’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। ওই অনুষ্ঠানটিতে কাজ করে প্রথম পারিশ্রমিক হিসেবে ৫০০ টাকা পেয়েছিলাম। টাকাটা হাতে পেয়ে নিজের মধ্যে একটু অন্য রকম মনে হয়েছিল। ভাবলাম, টাকা দিয়ে বাসার সবার জন্য কিছু না কিছু কিনব। সোজা মার্কেটে চলে গেলাম। গিয়ে আগে অনেকগুলো চকলেট কিনলাম। এরপর মা, বোন, ছোট ভাইয়ের জন্য ছোটখাটো জিনিসপত্র কিনে বাসায় ফিরি। টাকার পরিমাণ কম, কেনাকাটাও কম কিন্তু আনন্দ ছিল অনেক বেশি।

প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা

২০১২ সালের শুরুর দিকে। ঢাকায় তখন বাণিজ্য মেলা চলছিল। সেখানে গিয়ে এ দোকান-ও দোকান ঘুরছি। এমন সময় কয়েকজন মেয়ে আমার সামনে এল। বলল, ‘প্লিজ, অটোগ্রাফ দিন না!’ আমি শুনেই হেসে ফেলি। ওদের দিকে তাকিয়ে বলি, ‘ও মাই গড! অটোগ্রাফ দেব!’ কারণ, তখনো মিডিয়াতে ওইভাবে কাজ শুরু করিনি। টুকটাক উপস্থাপনা করি। কিন্তু অটোগ্রাফ দেওয়ার সময় বারবার মনে হচ্ছিল আমি যেন সেলিব্রেটি হয়ে গেছি। হা হা হা...

প্রথম ক্যামেরার সামনে

তখন আমি শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ি। আমাদের কলেজের সঙ্গে রাজউক কলেজের একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। বিটিভিতে তা ধারণও হয়েছিল। ওটাই জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হবে। আমি দলের প্রথম বক্তা। মজার ব্যাপার হলো, যখন প্রতিযোগিতা শুরু হলো আমার মনে ছিল না চারপাশে লাইট-ক্যামেরা আছে। বিতর্কের বিষয় নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন নিয়ে ব্যস্ত। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্যামেরা-লাইটের কথা মনে হয়েছিল। তবে ভাগ্য ভালো, যদি বক্তব্য দেওয়ার সময় ক্যামেরার কথা মনে হতো, তাহলে নিশ্চয় যুক্তি-তর্ক সব এলোমেলো হয়ে যেত।

কিন্তু বাসায় সবাই বসে যখন টিভিতে দেখছিলাম তখন মনে হচ্ছিল, ইশ্‌! আরেকটু সেজেগুজে, চুলে দুটি বেণি করে যদি ক্যামেরার সামনে দাঁড়াতাম! তাহলে আমাকে কি না সুন্দর লাগত!

প্রথম বই পড়ার অভিজ্ঞতা

ছোটবেলাতেই গল্পের বইয়ের সঙ্গে আমার সম্পর্ক। তবে ক্লাস সেভেনে থাকতে নিয়মিত গল্পের বই পড়া শুরু করি। তখনই হ‌ুমায়ূন আহমেদের হিমু পড়া শুরু করি। এত ভালো লেগেছিল যে হিমু সিরিজের সবই পড়ে ফেলেছিলাম। এ ছাড়া জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়েছি অনেকগুলো। কিন্তু এক বছর ধরে আর নিয়মিত পড়া হয়ে ওঠে না।

দেশের বাইরে প্রথম শুটিং

আগেও দেশের বাইরে একাধিকবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেশের বাইরে প্রথম শুটিং ছিল যুক্তরাজ্যে। গত বছর এপ্রিল মাসের ঘটনা। ওই দিনই ছিল বড় পর্দায় কাজ করতে গিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোরও প্রথম অভিজ্ঞতা। ছবির নাম আশিকী। সহশিল্পী অঙ্কুশ। শুটিং হয়েছিল যুক্তরাজ্যের ক্যানডিথে। দুদিন আগেই পৌঁছেছিলাম সেখানে। প্রথম বড় পর্দায় অভিনয়, তাও আবার দেশের বাইরে—সব মিলিয়ে একটু ভয় ভয়ও লাগছিল। সকাল ৮টায় লোকেশনে গিয়ে দেখি, উৎসুক লোকজনে ভরা। বেশির ভাগই পাঞ্জাবি। ওখানে প্রায় এক মাস ছিলাম। প্রথম প্রথম পাঞ্জাবিরা ভাবতেন আমি ভারতীয়। প্রথম দিকে তাঁদের বিশ্বাসই করাতে পারছিলাম না যে আমি বাঙালি। পরে বিশ্বাস করলে তখন থেকে তাঁরা বেঁটে বেঁটে বলে ডাকতেন আমাকে।

অনুলিখিত