
মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে হঠাৎ দেখা পরিচালক সাইফ চন্দনের সঙ্গে। হাতে কীসব ফাইলপত্র। প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে এ পথ দিয়ে ফিরছিলেন। কথা প্রসঙ্গে নতুন ছবি নির্মাণের খবর দিলেন তিনি। বললেন, ‘মিলন, আইরিন, নিরব ও অমৃতাকে নিয়ে নতুন কাজ শুরু করব। ছবির নাম টার্গেট। ১৬ জুলাই থেকে শুটিং শুরু করব।’
কথা বলতে বলতে মূল রাস্তা দিয়ে ৪ নম্বর ফ্লোরের দিকে রওনা হয়েছি আমরা । হাঁটতে হাঁটতে কথা চলছে। ‘এবার পুরো শুটিংই এফডিসির বাইরে শেষ করব।’ কেন? ‘ছবির গল্প অনুযায়ী এফডিসির বাইরে কাজ করলে ঝামেলা কম হবে।’
ততক্ষণে আমরা ৪ নম্বর ফ্লোরের সামনে পৌঁছে গেছি। সামনের রাস্তায় বেশ জটলা। কাছে গিয়ে দেখি মোশাররফ করিমকে ধরে ক্যামেরা চলছে। ভাবি, মোশাররফ করিম আবার কোন সিনেমায় অভিনয় করছেন! নাটক বাদ দিয়ে সোজা এফডিসিতে এসে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন নাকি তিনি? ক্যামেরা চলছে। চারপাশ নীরব। তখনো বোঝা যাচ্ছে না আসল কাহিনি কী এখানে। ক্যামেরার পেছনে নাট্যপরিচালক প্রীতমকে পাওয়া গেল। খোলাসা করলেন তিনিই। এটি ঈদের নাটক। পুরো গল্পটা এফডিসিকেন্দ্রিক। নাটকের নাম কী? জিজ্ঞাসা করি। ডেঞ্জারম্যান। চলচ্চিত্রের একস্ট্রা দুজন শিল্পীর প্রেমের কাহিনি নিয়ে নাটকটি।
ততক্ষণে দৃশ্যটি ধারণ শেষ হয়েছে। মোশাররফ করিমের পোশাক-আশাকে ডেঞ্জার ডেঞ্জার ভাব। প্রসঙ্গ তুলতেই হেসে ফেললেন তিনি। এবার হাসি থামিয়ে বললেন, ‘পোশাকের এই হাবভাব গল্পের কারণে। এখানে ডামির কাজ করি আমি। চলচ্চিত্রের কঠিন সব দৃশ্যগুলোতে আমি ডামি হিসেবে অংশ নিই।’
ঈদে এবার কয়টি নাটকে কাজ করছেন? আমাদের এ প্রশ্নের জবাবও হাসতে হাসতে দিলেন তিনি। বললেন, ‘টানা কাজ করছি। কয়টি নাটক ঈদে যাবে জানি না।’ ঈদে ব্যতিক্রমী কী কাজ করছেন? ‘ওই একই কাজ, নাটক। কোনো ব্যতিক্রম নাই।’ নাই কেন? ‘আমাদের কাজের প্রক্রিয়ার পরিবর্তন আনতে হবে। তা না হলে হবে না। দেখেন, পার্শ্ববর্তী কলকাতায়ও কাজ হচ্ছে। কম পরিসরে, কম বাজেটেও ভালো কাজ করছে তারা। আমাদের সব দর্শকের চোখ তাদের টেলিভিশনে। শুধু সঠিক প্রক্রিয়ায় তারা কাজ করছে বলে তা সম্ভব হচ্ছে। সেই ধরনের সঠিক প্রক্রিয়া আমাদের নাটকেও দরকার।’
ওদিকে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পথে। রোজার মাস। আর কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে।