
মিশা সওদাগর। গতকাল শুক্রবার ঢাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি রোমিও ২০১৩।
খলচরিত্রের মজা...
খলনায়কের চরিত্র অনেক স্বাধীন। একজন নায়কের অনেক রকম বিধিনিষেধ থাকে। সুন্দর করে কথা বলতে হবে, দু-চারটা প্রেমের সংলাপ বলতে হবে। সে ক্ষেত্রে খলচরিত্রে নিজেকে তৈরি করা যায় স্বাধীনভাবে, নিজের ইচ্ছামতো।
জসিম, সালমান শাহ, মান্না থেকে ইমন, আরেফিন শুভ, বাপ্পী অবধি...|
২০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছি। এমন কোনো নায়ক বোধ হয় নেই, যাঁর সঙ্গে আমি অভিনয় করিনি। এত বছরে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এখন পর্দায় শুধু নায়কের উপস্থিতি না, আমার উপস্থিতিতেও দর্শক তালি দেয়। বলে ‘ওই যে, মিশা আসছে!’
যে চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা কঠিন ছিল...
ছবির নাম প্রিয়া আমার প্রিয়া। আমার চরিত্র একজন সৎ পুলিশ অফিসারের। যে নিজের বোনকে খুব ভালোবাসে। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার মাথায় বাজ! দীর্ঘদিন খলচরিত্র করছি। এই চরিত্রটা অন্য রকম। জোরে কথা বলা যাবে না, বোনের মাথায় তেল দিয়ে দিতে হবে, স্কুলের জন্য রেডি করাতে হবে। অনেক ভেবেচিন্তে চরিত্রটা করেছি।
মুক্তি পেয়েছে ৮০০-এর অধিক চলচ্চিত্র, অথচ এখনো...
প্রতিটি ছবি মুক্তির আগেই রোমাঞ্চ অনুভব হয়। একেকটা ছবির একেক গল্প। এখন নতুন নতুন প্রযোজক ছবি বানাতে আগ্রহী হচ্ছেন। ছবি যদি ব্যবসাসফল না হয়, তাঁরা তো আর এই শিল্পে আগ্রহ দেখাবেন না। তাই ছবি মুক্তির আগে খুব টেনশনে থাকি।
নতুন নায়ক তৈরি হচ্ছে, কিন্তু নতুন খলনায়ক...
অবশ্যই আসছে। শহীদুজ্জামান সেলিম, মিলন, শতাব্দী ওয়াদুদ, শাহরিয়ার জয়...অনেকেই কিন্তু এখন নায়ক থেকে খলনায়কের চরিত্রে অভিনয় করছে। একসময় যেটা বাংলা চলচ্চিত্রে দেখা যায়নি। আমরা সে অবস্থান তৈরি করেছি।
বাংলাদেশে খলনায়ক-প্রধান চলচ্চিত্র...
এমন ছবি প্রচুর করেছি। বাংলা ভাই, ঢাকাইয়া মাস্তান, লাল চোখ...সব মিলিয়ে প্রায় পঞ্চাশের অধিক খলনায়ক-প্রধান চলচ্চিত্রে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি।
l মো. সাইফুল্লাহ