ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে গতকাল ছয়জন তরুণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ‘ওনলি কানেক্ট, এডিশন ওয়ান’ শীর্ষক প্রদর্শনী। রোববার সন্ধ্যা থেকে এ প্রদর্শনীটি সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে পরীক্ষামূলক এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ছয় তরুণ। এর মধ্যে আলোকচিত্র নিয়ে আরফান আহমেদ, ছাপচিত্র ও পেইন্টিং নিয়ে ইমরান সোহেল, পেইন্টিং নিয়ে মানিক বণিক, পারভেজ হাসান, ওরিগামী (কাগজ দিয়ে তৈির শিল্পকর্ম) নিয়ে এস এম আসাদুজ্জামান ও ভাস্কর্য নিয়ে সৈয়দ তারেক রহমান নাম লিখিয়েছেন এ প্রদর্শনীতে।
বেঙ্গল ফাউন্ডেশনের উপপরিচালক সাদিয়া রহমান জানান ‘ওনলি কানেক্ট’ বেঙ্গল ফাউন্ডেশনের আর্টস প্রোগ্রামের একটি নতুন ধারা, যেখানে শুধু তরুণ ও নবাগত শিল্পীরাই প্রাধান্য পাবেন। আগামী বুধবার নবীন এ শিল্পীদের নিয়ে বেঙ্গল ক্যাফেতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।