‘ওম শান্তি ওম’ নিয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওম শান্তি ওম’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা করবেন পদ্মশ্রী খেতাব পাওয়া বর্ষীয়ান বলিউডের অভিনেতা মনোজ কুমার।ফারাহ খান পরিচালিত ও গৌরি খান প্রযোজিত ‘ওম শান্তি ওম’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ছবিটির কয়েকটি দৃশ্যে মনোজ কুমারকে নিয়ে ব্যঙ্গ করায় দারুণ চটেছিলেন তিনি। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। ছবিটি ছোট পর্দায় প্রদর্শনের আগে আপত্তিকর দৃশ্যগুলো বাদ দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয় আদালত থেকে। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে ‘ওম শান্তি ওম’। মনোজকে নিয়ে ব্যঙ্গ করা দৃশ্যসহ ছবিটি প্রদর্শিত হচ্ছে জাপানে। বিষয়টি জানার পর এর নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলার হুমকি দেন ৭৫ বছর বয়সী এ অভিনেতা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘২০০৮ সালে ছবিটির সব প্রিন্ট থেকে চিরতরের জন্য দৃশ্যগুলো মুছে ফেলার আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু জাপানে ওই দৃশ্যসহ ছবিটি প্রদর্শিত হচ্ছে।’ মনোজ আরও বলেন, ‘এ ঘটনায় আমি খুবই অসন্তুষ্ট হয়েছি। এর সুরাহা করার দায়িত্ব নিয়েছেন আমার আইনজীবীরা। তাঁদের মতে, আমার ভেতর নাকি বাড়াবাড়ি রকমের ক্ষমা করে দেওয়ার প্রবণতা রয়েছে। এজন্য এখন থেকে তাঁরাই বিষয়টি দেখবেন।’এদিকে ফারাহ খান বলেছেন, ‘জাপানে ছবিটির প্রদর্শনীতে দৃশ্যগুলো আদৌ দেখা যাচ্ছে কি না আমি সেটা নিশ্চিত নই। কারণ ছয় বছর আগেই দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হয়েছিল। এখন ছবিটির পুরোনো কোনো প্রিন্ট যদি জাপানে পাঠানো হয়ে থাকে, তবে তার দায়ভার নিশ্চয়ই আমার নয়! মনোজ সাহেবকে আমরা বন্ধু বলেই ভাবি। আমি নিশ্চিত, ভারতীয় কোনো ছবি জাপানে প্রশংসিত হচ্ছে—এটা জেনে তিনি অনেক খুশি হবেন।’