'ওয়েলকাম ব্যাক' অমিতাভ-রেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ ও রেখা
অমিতাভ ও রেখা

ফিরে আসতে পারে ‘সিলসিলা’ মুহূর্ত! আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে একসময়ের জনপ্রিয় জুটি অমিতাভ-রেখাকে! সম্ভব? প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক খবরে বলা হয়েছে, আনিস বাজমির কমেডি ধাঁচের ‘ওয়েলকাম ব্যাক’ দিয়েই হয়তো পর্দায় দেখা যেতে পারে এ জুটিকে।

২০০৭ সালের জনপ্রিয় কমেডি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক আনিস বাজমি ও প্রযোজক ফিরোজ নাদিয়াদয়ালা। এ চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য বিগ বি ও রেখার সঙ্গে আলোচনায় বসছেন প্রযোজক ও পরিচালক। যদি তাঁদের রাজি করানো যায়, তবে অমিতাভকে পর্দায় দেখা যাবে ডনের ভূমিকায় আর রেখাকে দেখা যাবে ফ্যাশনপ্রিয় ধনী হিসেবে।

ছবিতে আরও থাকবেন নানা পাটেকর, অনিল কাপুর। জন আব্রাহাম, শ্রুতি হাসানকেও দেখা যেতে পারে ছবিতে।

পিটিআইকে পরিচালক আনিস বাজমি জানিয়েছেন, ‘আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী রেখা। এখনো তাঁর সঙ্গে কথা চূড়ান্ত হয়নি। তাঁর মতামত পেলেই কাজে নেমে পড়া সম্ভব হবে।’

অমিতাভ-রেখা: রহস্যের মায়া-অঞ্জনমাখা কিংবদন্তির প্রেম
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটির নাম বললে বোধ হয় মনে সবার আগে আসবে অমিতাভ-রেখার নাম। পর্দায় তাঁদের রসায়ন দেখে অভিভূত হয়েছেন অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শক। পর্দার বাইরে বাস্তব জীবনেও এ জুটির প্রেম নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন সময়। তাঁদের প্রেমের বিষয়টি কম-বেশি সবার জানা থাকলেও, আজও রহস্যের চাদরে জড়ানো এই প্রেম। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘দো আনজানে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রেখা। প্রচলিত আছে, একসঙ্গে কাজ করতে গিয়ে রেখার প্রেমে পড়ে যান বিবাহিত অমিতাভ এবং দিনে দিনে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অমিতাভের সঙ্গে রেখার প্রেমের খবর চাউর হওয়ার তিন বছর আগে বলিউডের আরেক অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন অমিতাভ।

জনসমক্ষে নিজেদের প্রেমের সম্পর্কটি কখনো স্বীকার না করলেও, একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন অমিতাভ-রেখা। এ জুটির ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়তেন। বাস্তব জীবনে তাঁদের রহস্যময় প্রেমের কারণেও সম্ভবত দর্শকের ভেতর এ জুটিকে নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাতারাও এই জুটির প্রেমনির্ভর ছবি বানিয়েছেন এবং সফলতার মুখ দেখেছেন।

অমিতাভ-রেখা জুটির সর্বশেষ ছবি ‘সিলসিলা’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। অমিতাভ, রেখা ও জয়ার ত্রিভুজ প্রেমের বিষয়বস্তু নিয়ে ছবিটি তৈরি করেছিলেন নির্মাতা যশ চোপড়া। অত্যন্ত সচেতনভাবে ছবির চরিত্র বা পাত্র-পাত্রীর ক্ষেত্রে যশ চোপড়া নির্বাচন করেছিলেন অমিতাভ, রেখা ও জয়া বচ্চনকে। আজও হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি হিসেবে মাইলফলক হয়ে আছে ‘সিলসিলা’। ছবিটি মুক্তির পর আর কখনোই একসঙ্গে অভিনয় করেননি অমিতাভ-রেখা। এমনকি আর কোনো অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হতে দেখা যায়নি একসময়ের পর্দা কাঁপানো এই জুটিকে।

‘দো আনজানে’ (১৯৭৬), ‘আলাপ’ (১৯৭৭), ‘ঈমান ধরম (১৯৭৭), ‘খুন পাসিনা’ (১৯৭৭), ‘গঙ্গা কি সুগন্ধ’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘মিস্টার নটবরলাল’ (১৯৭৯), ‘সোহাগ’ (১৯৭৯), ‘রাম বলরাম’ (১৯৮০) ও ‘সিলসিলা’ (১৯৮১) ছবিগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছেন অমিতাভ ও রেখা। দু-একটি বাদে তাঁদের অভিনীত প্রায় সব ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে।

১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘সিলসিলা’ ছবিতে অমিতাভ-রেখার রসায়ন দেখে বিমোহিত হয়ে যান দর্শকেরা। কিন্তু কোনো এক অজানা কারণে এরপর আর কখনোই একসঙ্গে পর্দায় হাজির হননি অমিতাভ-রেখা। তবে রেখার সঙ্গে অমিতাভ আবারও কাজের আগ্রহ প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এর আগে অমিতাভ জানিয়েছিলেন, ‘ভালো গল্প ও চিত্রনাট্য পেলে এবং আমাদের দুজনেরই যদি তা পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করব আমরা।’

নিঃসন্দেহে আবারও এই জুটিকে পর্দায় দেখা গেলে সবচেয়ে বেশি খুশি হবেন তাঁদের অগণিত ভক্ত। ‘ওয়েলকাম ব্যাক’ কি হতে পারে অমিতাভ ও রেখাকে ‘ওয়েলকাম’ জানানোর সেই চলচ্চিত্র? কিছুদিন অপেক্ষা করলেই হয়তো জানা যাবে তা।