‘ওরা আমাকে ডাকে ক্লামনি বলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাবনূর। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম একটি নাম। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি শিরি-ফরহাদ।দেশের বাইরে থাকলে বাংলাদেশের যে জিনিসটি বেশি টানে...দেশের বাইরে যাওয়া হয় বছরে দু-একবার। মূলত অস্ট্রেলিয়ায় যাই। সেখানে আমার ভাইবোনেরা থাকেন। দারুণ আনন্দে কাটে সময়গুলো। কিন্তু বাংলাদেশের খাবার খুব মিস করি। এ ছাড়া বাংলাদেশের বন্ধুদের সঙ্গটাও। অস্ট্রেলিয়ায় আমার দুই ভাগনি থাকে—আলভিয়া ও ইনাইয়া; ওদের সঙ্গে চমৎকার সময় কাটে। ওরা আমাকে ডাকে ‘ক্লামনি’ বলে।সিনেমা হলে বসে দেখা প্রথম ছবি...সিনেমা হলে দেখা প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত। এহেতশাম দাদুর সঙ্গে গিয়েছিলাম দেখতে। তখন সম্ভবত ক্লাস এইটে পড়ি।নিজের যে ছবিটি রিমেক করতে চাই...মোঘল-এ-আজম ছবিটি রিমেক করা যেতে পারে। ছবির শেষ দিকে মান্না ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এ কারণে একটা অসম্পূর্ণতা ছিল।কোনো এক ভক্ত যখন আমাকে বিয়ের প্রস্তাব দেয়...এমন প্রস্তাব প্রচুর আসে। এত এত ফুল, এত এত উপহার প্রতিদিনই পাই। এমন প্রস্তাবে বলার কিছুই থাকে না। মাঝেমধ্যে কষ্ট লাগে, যখন দেখি কেউ সিদ্ধান্ত নিয়েছে, আমাকে না পেলে আর বিয়েই করবে না! কিছু করার নেই এ ক্ষেত্রে।প্রিয় ভুল...কথাটা বললে হয়তো অবাক লাগবে, কিন্তু আমার জীবনে মনে হয় খুব বড় ভুল নেই।মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি দেখি আমার বয়স ১০ বছর বেড়ে গেছে...খুব অবাক হব, মেনে নিতে অবশ্যই কষ্ট হবে। তবে বিষয়টিকে একটি রোগ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।ফেসবুকে আমার নামে ফেক আইডিগুলো দেখে যা ভাবি...তেমন ঘাঁটতে যাই না। আর ফেক আইডিগুলোয় তেমন কোনো ঝামেলার কিছু চোখেও পড়ে না। ফলে দেখে মাথাব্যথা হওয়ারও কারণ নেই।যে কাজটি করতে চাই...ছবি বানানোর ইচ্ছা আছে। পরিচালনা করার সনদও পেয়েছি আমি।বাংলাদেশের চলচ্চিত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন...সবকিছুই ঠিক করা প্রয়োজন। আমাদের ল্যাব থেকে শুরু করে শুটিং স্পট—সব জায়গায় আরও পরিচর্যা আর পরিবর্তন দরকার। এখন যেমন ডাবিং থিয়েটারে মশা কামড়ায়! ভালো প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পীরও অভাব আছে এই শিল্পে। সরকারি পৃষ্ঠপোষকতা আরও জোরদার করা উচিত।‘শিরি-ফরহাদ’ আমার কাছে যেমন লাগল...খুব চমৎকার একটা ছবি। এটা বলতে পারি, ছবিটি দেখলে দর্শকেরা যেমন মজা পাবেন, তেমনি কাঁদবেনও। আমি এখন খুব বেছে বেছে অভিনয় করছি। তাই যে কাজই করি, পুরো ভালোবাসা দিয়েই করি। দর্শক এই ছবিটি দেখে উপভোগ করবেন। মাহফুজ রহমান