'ওরা এখন থেকেই দক্ষ হয়ে উঠছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোরশেদুল ইসলাম চলচ্চিত্র পরিচালক, ‘৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’-এর উৎসব পরিচালক। আজ শেষ হচ্ছে এই উৎসব। উৎসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে

মোরশেদুল ইসলাম
মোরশেদুল ইসলাম

এবারের উৎসব...
ভালোই। এবার আমাদের কিছুটা বাজেটস্বল্পতা ছিল। আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করত, এমন কিছু প্রতিষ্ঠান এবার বিভিন্ন কারণে সঙ্গে থাকতে পারেনি। খুব কষ্ট করে, বলা যায় নিজেদের পকেটের টাকা দিয়ে এবার আয়োজনটা করতে হলো।
আর্থিক স্বল্পতার কারণে উৎসবের আনন্দে ভাটা...
কিছুটা যে পড়েছে, সেটা ঠিক। তবে মূল আকর্ষণগুলো আমরা রাখতে চেষ্টা করেছি। ৪০ জন শিশু তাদের বানানো ৩২টি ছবি নিয়ে উৎসবে অংশ নিয়েছে। ৩৫টি দেশের দেড় শতাধিক ছবির প্রদর্শনী হয়েছে। ঢাকার বাইরে খুলনা ছাড়া সবগুলো বিভাগীয় শহরে ১ থেকে ৪ মার্চ পর্যন্ত ছবি প্রদর্শিত হয়েছে।
আয়োজক হিসেবে শিশুরা...
ছবি নির্বাচন কমিটি, জুরি বোর্ড, স্বেচ্ছাসেবক, উৎসবের সব কিছুতেই থাকে ছোটরা। ছোটদের সঙ্গে কাজ করে মজা আছে। ওরা বেশ ভালোভাবে উৎসব পরিচালনা করতে পারে। আমরা চাই, এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বাড়ার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা তৈরি হোক।
আজকের খুদে পরিচালক আর ভবিষ্যতের বাংলা চলচ্চিত্র...
আমি খুবই আশাবাদী। ছোট ছোট ছবি তৈরি করে ওরা এখন থেকেই দক্ষ হয়ে উঠছে। এরা সবাই হয়তো ভবিষ্যতে সিনেমা নিয়ে কাজ করবে না, কিন্তু এই অভিজ্ঞতা তাদের উপকারে আসবে। কেউ কেউ এখন থেকে ভবিষ্যতে চলচ্চিত্রশিল্পে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে। ওদের বানানো ছবি আমাদের চেয়েও অনেক ভালো হবে।
আজ সমাপনী অনুষ্ঠানে যা যা থাকছে...
পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকেল পাঁচটায় সেরা পাঁচ খুদে পরিচালককে পুরস্কৃত করা হবে। এটাই আজকের দিনের মূল আকর্ষণ। অনুষ্ঠানটি ছোটদের জন্য উন্মুক্ত। ছোটদের সঙ্গে নিয়ে বড়রাও আসতে পারবে।
মো. সাইফুল্লাহ