
আকাশি ইউনিফর্ম পরা তিন বালিকা, পাশাপাশি সাইকেল চালিয়ে গল্প করতে করতে যাচ্ছে। হয়তো ফিরছে স্কুল থেকে। এমন দৃশ্য প্রায় প্রতিদিনই চোখে পড়ছে। তারুণ্যে পা রাখলে শহরের অন্য মেয়েদের মতো তারাও একদিন স্কুটি হাঁকাবে। শহরের অন্য সব তরুণের মতো তাঁদের বন্ধুদেরও থাকবে মোটরবাইক। এখানকার রোদ্দুর ভীষণ রাগী; গায়ের চামড়া পুড়িয়ে ফেলতে চায়। দুই চাকার আরোহীরা তাই কাপড়ে মুখ মুড়ে চলাফেরা করেন। যেন মধ্যপ্রদেশ নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ এটি।
খাজুরাহো শহরটা যতটা না নৃত্য ও প্রেমের, তারও চেয়ে বেশি শিল্পের। গত এক সপ্তাহে সাক্ষাৎ হলো বিভিন্ন দেশের অন্তত সাতজন চিত্রকরের সঙ্গে। কেউ কেউ শুধুই ইংরেজি বা শুধুই হিন্দিভাষী। উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের স্বপ্ন নগরী খাজুরাহো চিত্রকরদেরও প্রবলভাবে টানে। কারণ এখানকার মন্দিরগুলোর শিল্পকর্ম। মানব শরীরের মতো এত বৈচিত্র্যপূর্ণ বাঁক পৃথিবীর কোনো শিল্পে নেই। সেসব থেকে দেখা ও শেখার লোভ আছে শিল্পীদের। এ তো গেল স্থবির বাঁকশিল্পের কথা। সারা ভারতবর্ষ থেকে আসা নারী-পুরুষ নৃত্যশিল্পীদের জাদুকরী নৃত্য থেকেও কত কত ‘কার্ভ’-এর ধারণা আত্মসাৎ করেন শিল্পীরা, সে কথা বলে বোঝানো সম্ভব নয়। সঙ্গে থাকে সুর ও সংগীত।

গতকাল বুধবার বিকেলে কথা হলো শেলি কেফি নামে ইংল্যান্ডের এক চিত্রকরের সঙ্গে। প্রথমবারের মতো এ উৎসবে এসেছেন তিনি। কাজী নজরুল ইসলামের গান নিয়ে নৃত্যনাট্যে সাধনার শিল্পীদের পোশাকের রং ভীষণ ভালো লেগেছে তাঁর। পকেট থেকে ক্যামেরা বের করে ছবি তুলে নিয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। নাচ শেষে জানতে চাইলাম, ‘কেমন লাগল?’ বেশ প্রশংসা করলেন তিনি। বললেন, ‘ওরা যখন নাচ করছিল, আমি কিছু ছবি এঁকে নিয়েছি।’ খাতাটা সামনে খুলে ধরতেই দেখলাম, ‘কার্ভ’, ‘কার্ভ’ ও ‘কার্ভ’। একটা কার্ড ধরিয়ে দিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে বললাম, ‘এসো, আঁকার যে কত কিছু পাবে, বলে শেষ করতে পারব না।’ তিনি জানতে চাইলেন, ‘নিরাপদ?’

বললাম, ‘পৃথিবীর অন্যতম সেরা সেনাবাহিনীটা আমাদের। শান্তিরক্ষা মিশনে তাঁদের সুনামের কথা কারও থেকে জেনে নিও।’
‘আর তোমাদের আয়ের উৎস কী?’, জিজ্ঞেস করল প্রবীণ চিত্রকর। বললাম, ‘পৃথিবীর মানুষের জন্য সব থেকে আরামদায়ক পোশাকগুলো আমরা তৈরি করে দিই, সব থেকে সুস্বাদু চিংড়িগুলো আমরা পাঠাই। কিছুদিন হলো আমরা জাহাজ বানাতে শুরু করেছি।’

পরিচয় হলো দুই শিখ চিত্রকরের সঙ্গে। বাংলাদেশ প্যাভিলিয়নের নাচ শেষ হলেই ছুটে এল আমাদের নৃত্যনন্দিনীদের কাছে। ছবি তুলতে চায়, ডেকে নিয়ে দেখাতে চায় প্রদর্শনীতে রাখা নিজেদের আঁকা ছবিগুলো। ভাবটা এমন, ‘আমরা তোমাদের নাচ দেখেছি, তোমরাও আমাদের ছবিগুলো দেখে যাও।’ দেখা গেল, আমাদের তরুণ নৃত্যশিল্পীদের ছবির ব্যাপারে কোনো আগ্রহ নেই। নেচে শেষ করে ঝড়ের বেগে জামা বদলে তাঁরা চলে যাচ্ছেন মূলমঞ্চের নাচ দেখতে। সর্বজিৎ সিং ও জসপ্রিত সিং ছাড়বার পাত্র নয়। নৃত্যশিল্পীদের কাছে পাত্তা না পেয়ে বাউল শফি মণ্ডলের কাছে ভিড়লেন। প্রণাম জানিয়ে ছবি তুলে জেনে নিল হোটেলের নাম। রাতে একটু আসতে চান, একান্তে একটু আড্ডা দিতে দিতে গান শুনতে চান। তাঁরা পিছু নিলেন, রাতে চলে এলেন হোটেল নির্ভানায়। রাত ১২টা পর্যন্ত লবিতে চলল আড্ডা-গান। শফি মণ্ডল গাইলেন, তাঁরাও শোনালেন বুল্লে শাহর গান। সর্বজিৎ সিং মেলোডিহর্ন বাজিয়ে চমৎকার গাইতে পারেন।

‘খাজুরাহো নৃত্য উৎসব’-এ এসে মনে হলো, মধ্যপ্রদেশের সব মানুষই ছবি আঁকে। প্রদর্শনীতে প্রচুর ছবি বিক্রি হচ্ছে, সেখানে বসে আঁকছেন অনেকে। এমনকি পথেঘাটেও বিক্রি হচ্ছে আঁকা ছবি। জয়প্রকাশ চৌহান নামে এই প্রদেশের এক শিল্পীর সঙ্গে কথা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির এক যৌথ চিত্র প্রদর্শনীতে ছিল তাঁর ছবি। আবারও প্রদর্শনী করতে ঢাকা যাবেন। শফি মণ্ডলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তুলে বললেন, ‘আপনি দেখলাম গানের আড্ডা ভিডিও করলেন। শুরুর গানটি খুব ভালো লেগেছে; গানটি কি আমাদের দেওয়া যাবে?’