'ওহ্! দেখি আমার ছবিতে কয়টা লাইক কমেন্টস পড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের অবসরে নিজের ফেসবুক দেখছেন মাহি
শুটিংয়ের অবসরে নিজের ফেসবুক দেখছেন মাহি

১.
‘কাট, কাট...আগেই ট্রলি থেমে গেছে। ওহ্! আবার নিতে হবে।’ দৃশ্যটি ওকে না হওয়ায় কোরিওগ্রাফার তানজিলের সহকারী মাইক্রোফোনে চিৎকার করে বলছেন কথাগুলো। আগে তিনবারেও দৃশ্যটি ঠিকমতো ধারণ করা যায়নি। এবারে বাগড়া দিয়ে বসল ট্রলি।আবারও দৃশ্য ধারনের প্রস্তুতি শেষ হলো। মনিটরে বসে তানজিল এবার নিজেই হাঁক দিলেন, ‘এবার যেন ঠিকঠাকমতো হয়। আমরা যাই।’ ‘থ্রি, টু, ওয়ান, জিরো, অ্যাকশন...।’ ক্যাসেট প্লেয়ারে তখন বাজছে ‘রঙিন লাগিয়ে রঙিন আমি, রঙিলা আমার মন, চোখের ভাষায় সে বোঝে, কাকে প্রয়োজন’। ক্যামেরা চলছে। মাহির ঠোঁটে এ গানের সঙ্গে নৃত্যকে আরও ব্যাপ্তি দিচ্ছে ঈগলস ডান্স কোম্পানির একদল ছেলেমেয়ে। হঠাৎ আবারও ‘কাট, কাট...ফ্যান্টাস্টিক!’ তানজিনের এই কথায় গানবাজনা, নাচ, ক্যামেরা—সবই থেমে গেল। ‘যাক, কয়েকবার কষ্ট হলেও চূড়ান্ত টেকটা ভালো হয়েছে।’ বললেন তিনি।
ঘটনাগুলো ঘটছে ৪ নম্বর ফ্লোরের স্টুডিওর মাঝখানে।
এর আগে ৪ নম্বর ফ্লোরের সামনে যেতেই লম্বা বিটের তালে কানে এল গানের আওয়াজ। আগ্রহ নিয়ে ভেতরে ঢুকলাম।
ক্যাবারের আদলে একটা মঞ্চ বানানো হয়েছে। একে ঘিরে তখন চলছিল ছবির এই গানের দৃশ্য ধারণ। জাকির হোসেন রাজুর দবির সাহেবের সংসার ছবির শুটিংয়ের ঘটনা এটি। কিন্তু ছবির এ দৃশ্যের আগে-পিছের কোনো ঘটনা তখনো জানা হয়নি। পরিচালককে পাওয়া গেল গ্রিন রুমের সামনে। বললেন, ‘এখানে মাহি চুমকি ও ডেইজি নামে দুটি চরিত্র করছে। চুমকি নামে সে ছদ্মবেশে বাড়িতে কাজ করে। আর রাতের অন্ধকারে আইটেম গার্ল ডেইজি হয়ে ফিরে আসে নাচের ক্যাবারে। সেই ক্যাবারের গানের একটা অংশ এখন ধারণ হলো।’ শুটিং বিরতি। মাহি দ্রুত চলে গেলেন গ্রিন রুমে। ভেতরে ঢুকেই ল্যাপটপ খুলে সোজা ফেসবুকে, ‘ওহ্! দেখি আমার ছবিতে কয়টা লাইক-কমেন্টস পড়েছে।’ প্রোফাইলে গিয়ে নিজের ছবিগুলোও দেখছেন তিনি। অগ্নি ছবির দৃশ্যের অ্যাকশন ভঙ্গির একটি ছবি কভার ছবি হিসেবে দিয়েছেন মাহি। তা দেখে পাশেই একজন বললেন, ‘আরে, তুমি তো পুরোই অ্যাকশন লেডি!’ মাহিও কম যান না। বললেন, ‘কাছে আইসেন না, ঢিসুম ঢিসুম খেয়ে বসবেন।’ এবার শুরু হলো হো হো হাসির মচ্ছব।

২.
অন্য ফ্লোরগুলোর শুটিংয়ের খোঁজখবর নিতে এফডিসির মূল রাস্তা দিয়ে হাঁটছি। না, ৪ নম্বর ফ্লোর ছাড়া কোথাও শুটিংয়ের আলো জ্বলেনি। কিন্তু এফডিসির ক্যানটিনটি বেশ জমজমাট। ছড়ানো-ছিটানো আড্ডা। শাহিন কবির টুটুল, সাইফ চন্দনসহ বেশ কয়েকজন পরিচালককে একসঙ্গে আড্ডা দিতে দেখা গেল। টুটুল তাঁর নতুন ছবি গোল্লাছুট নিয়ে খুবই উত্তেজিত। বললেন, ‘ভাই, গোল্লাছুট পরিপূর্ণ বিনোদন ছবি হিসেবে বানাতে চাই। সত্যিকার একটা ভালো ছবি উপহার দিতে চাই দর্শককে। এ কারণে এক বছর ধরে সময় নিচ্ছি।’

সাইফ চন্দন নির্মাণ করছেন ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল। কথার ফাঁকে চন্দন নিজের মুঠোফোন বের করে ভিডিওতে তাঁর নির্মাণাধীন ছবির ট্রেলার দেখালেন। বললেন, ‘আমার ছবিতে ছোট পর্দার শাহেদকে দর্শক অন্যভাবে দেখতে পাবেন।’