'ওয়ান্ডার উওম্যান' আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাল গ্যাডট
গ্যাল গ্যাডট

হলিউড চলচ্চিত্রে সুপারহিরোদের বিচরণ শুরু হয়েছে বহু আগেই। কমিকস, কার্টুন আর অ্যানিমেশনের সীমানা ছাড়িয়ে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান চরিত্রগুলো বড় পর্দায় যেমন দর্শকপ্রিয়, তেমনি ব্যবসাসফল হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরুষ চরিত্রের গণ্ডি ছাড়িয়ে নারী সুপারহিরোর আবির্ভাব ও দাপট শুরু হয়েছে। অতিমানবীয় ক্ষমতাধর এসব চরিত্রকে লড়াই করতে দেখা যায় মানবজাতির কল্যাণে নিবেদিতপ্রাণ ভূমিকায়।
আগে নারীদের দেখা যেত সুপারহিরোর সঙ্গিনী বা সহযোগী হিসেবে। এখন তাঁরাই নেতৃত্ব দিচ্ছেন মহাজাগতিক লড়াইয়ে। যেমন হাঙ্গার গেমস সিরিজের জেনিফার লরেন্স। আজ থাকছে সুপারহিরো চরিত্রে অভিনয় করা আরেক নারী তারকার কথা। নাম তাঁর গ্যাল গ্যাডট। ৩০ বছর বয়সী এই নায়িকা ২০০৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইসরায়েলের হয়ে। তারপর হয়ে যান একজন পুরোদস্তুর ফ্যাশন মডেল। টেলিভিশনেও অভিনয় করেছেন। বড় পর্দায় তাঁর আবির্ভাব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের চতুর্থ ছবির মধ্য দিয়ে। পরের দুটি পর্বেও তিনি কাজ করেন গিজেল চরিত্রে। তবে আসছে মার্চে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস। এতে তাঁকে দেখা যাবে সুপারহিরো ‘ওয়ান্ডার উওম্যান’ রূপে। আমেরিকান কমিক বইয়ের জনপ্রিয় এই কাল্পনিক চরিত্র নিয়ে টেলিভিশন সিরিজ এবং অ্যানিমেশন চলচ্চিত্র আগেই তৈরি হয়েছে। এবার ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ছবিতে ‘ওয়ান্ডার উওম্যান’ কতটা সফল হবেন, সেই অপেক্ষা করছেন ভক্ত-অনুরাগী দর্শকেরা। ছবিটির পরিচালক জ্যাক স্নাইডার নিশ্চয়ই আস্থা রেখেছেন গ্যাডটের ওপর। ২০১৬ সালে আরও দুটি আলোচিত ছবিতে আছেন গ্যাডট, ট্রিপল নাইন এবং ক্রিমিনাল। তাই সুপারহিরোর জগতের বাইরে অন্য ছবির সাফল্যও তাঁকে হাতছানি দিচ্ছে।

‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাডট
‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাডট

‘ওয়ান্ডার উওম্যান’ চরিত্রে নাম লেখানোর ঘোষণা দেওয়ার পরই গুগলে গ্যাল গ্যাডটের অনুসন্ধান বহুগুণ বেড়েছে। ট্রিপল নাইন ছবিতে তিনি অভিনয় করছেন অস্কারজয়ী তারকা কেট উইন্সলেটের সঙ্গে। সেখানে গ্যালের ভূমিকা একজন মোহনীয় রুশ মাফিয়ার। চরিত্রের খাতিরেই তাঁকে সেখানে হাজির হতে হয়েছে আবেদনময়ী রূপে। নিজেকে সম্ভবত প্রথমবার এভাবে উপস্থাপন করছেন এই অভিনেত্রী।
দুই বছর আগে এক সাক্ষাৎকারে গ্যাডট বলেন, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ধরনের কোনো ছবির সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চান। জীবনটা তো নানা জটিলতায় পূর্ণ। কারণ, একজন মানুষকে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। আর তিনি আগামী সম্পর্কে নিশ্চিতভাবে জানেন না। তাঁর ইচ্ছে এমন একটা ভূমিকায় অভিনয় করবেন, যার জন্য মাথা ন্যাড়া করতে হবে আর শরীরে নীল রং মাখতে হবে।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ছবিতে স্কটিশ অভিনেত্রী ক্যারেন গিলিয়ান অভিনয় করেন থানোসের মেয়ে নেবুলা চরিত্রে, যাঁর মাথা ছিল কামানো আর শরীর নীল রঙে আবৃত। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস ছবির নির্মাতা জ্যাক স্নাইডার বলেছেন, গ্যাল গ্যাডটের মধ্যে ‘ওয়ান্ডার উওম্যানের’ যাবতীয় গুণাবলি আছে বলেই তাঁকে ওই চরিত্রের জন্য নির্বাচন করেছেন। তিনি একই সঙ্গে সুন্দরী, শক্তিময়ী, নম্র এবং আকর্ষণীয়। আবার প্রয়োজনে ভয়ংকরও হতে পারেন। এসব গুণের সমন্বয় আছে—এমন কাউকেই খুঁজছিলেন তাঁরা।
ছবির কাহিনি সম্পর্কে যেটুকু আঁচ করা যায়, ব্যাটমান আর সুপারম্যানের পারস্পরিক লড়াইয়ে নতুন হুমকি দেখা দেয়, নজিরবিহীন বিপদের মুখোমুখি হয় মানবজাতি। তা থেকে থেকে উদ্ধারের জন্য ‘ওয়ান্ডার উওম্যান’ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। এখানে গ্যাল গ্যাডট কতটা সফল হবেন, তা দেখার অপেক্ষায় সবাই।
আশিস আচার্য
স্ক্রিন রেন্ট, মুভি নিউজ গাইড, কমিক বুক অবলম্বনে