
যত দিন থাকবে বাংলাদেশ, থাকবে লাল-সবুজ পতাকা, তত দিন বিপুল ভট্টাচার্য বেঁচে থাকবেন। সততা ও আদর্শের প্রতি অনুগত থেকে নির্লোভ জীবনযাপন করেছেন তিনি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদ্য প্রয়াত শিল্পী বিপুল ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। সভার শুরুতে বিপুল ভট্টাচার্যের সংগ্রামী ও বর্ণাঢ্য জীবনী পাঠ করা হয়। প্রয়াত শিল্পীর ছেলে পার্থ ভট্টাচার্য বলেন, ‘বাবা বলতেন, মরলে যেন দেশের মাটিতে মরি।’
সুরধ্বনি সংগঠনের শিল্পীরা পার্থ ভট্টাচার্যের হাতে তাঁদের পক্ষ থেকে সহযোগিতার অর্থ তুলে দেন।
নাট্যকার ঝুনা চৌধুরী বলেন, ‘উনি আমাদের প্রেরণার শক্তি ছিলেন।’ রামেন্দু মজুমদার বলেন, দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হলে শিল্পীদের এভাবে মরতে হতো না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ‘আমাদের এ নষ্ট সমাজে মৃত্যুর পর আলোচনা সভার আয়োজন করা হয়। অথচ জীবিত থাকা অবস্থায় কোনো খোঁজ থাকে না।’ ফকির আলমগীর বলেন, বিপুল ভট্টাচার্যের ছিল কণ্ঠ ভরা গান আর দেশের প্রতি টান। বাংলা গণসংগীতের জীবন্ত আর্কাইভ ছিলেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন প্রয়াত শিল্পীর সহযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, শিল্পী মিতা হক, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আশফাকুর রহমান খান প্রমুখ। নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে
দেশ স্বাধীনের সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে মৌলবাদীরা নিরীহ মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছিল, তা সমাজে বিকৃতভাবে উপস্থাপন করে যাচ্ছে একটি গোষ্ঠী। তারা দেশের আসল ইতিহাসকে আড়াল করে মিথ্যা ও অসত্যকে বাস্তবায়ন করতে চাইছে। তাই দেশের সংস্কৃতিকে লালন করে নতুন প্রজন্মকেই প্রকৃত ইতিহাস জানতে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে থিয়েটারের বঙ্গবালার হাটে মঞ্চনাটকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছে সরকার। কিন্তু সে বিচার বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে একটি শ্রেণী।