'কতবেলের জুস খেতে না পারার কষ্ট কোনো দিন ঘুচবে না'

প্রতিটি নারীর জন্যই মা হওয়ার সময়টা অনেক স্মরণীয়। সে সময় অনেক দারুণ কিছু স্মৃতি জমে যায় মনে। এর মধ্যে হবু মায়েদের খাবার নিয়ে থাকে অনেক মজার ঘটনা। কিছু খাবার দেখলেই মন খারাপ হয়ে যায় এ সময়। কিছু খাবারের জন্য আবার মন আনচান শুরু হয়ে যায়। মা হওয়ার সেই সময়টায় খাবার নিয়ে অভিনেত্রী মিথিলার কী কী গল্প ছিল? এটা জানতেই তাঁর কাছে যাওয়া।
মাতৃত্বকালীন স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। ওই সময়টা নিয়ে কথা বলতে দারুণ ভালো লাগে। ওই সময় আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করত। কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে খেতে পারতাম না। আমি একটু বেশিই নিজের আর নিজের অনাগত সন্তানের স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলাম। যদিও আমার পরিবারের সবাই সে সময় আমার কী খেতে ইচ্ছা হতো, কী ইচ্ছা করত না এসব ব্যাপারে একেবারে তটস্থ ছিল। কিন্তু আমিই দেখা যেত সচেতন হয়ে বিধিনিষেধ থাকা খাবারগুলো খেতাম না।
খুব অদ্ভুত সব খাবার খেতে ইচ্ছা করত সেই সময়। এমন সব খাবার, যেসব খাবার কেন আমি খেতে চাইছি, এর যুক্তিযুক্ত কোনো কারণ খুঁজে পেতাম না। যেমন: কতবেলের জুস। খালি কতবেল না, সেটাকে জুস করে আমার খেতে হবে। কিন্তু ওই যে বললাম না, আমি ছিলাম একটু বেশিই সচেতন। তাই কতবেল খাওয়ার সাধ জাগার পর আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, প্রেগন্যান্সির সময় কতবেল খাওয়া নাকি ভালো না। তাই নিজে থেকেই আর কতবেল খাওয়ার আবদার করিনি। আমার মা আমাকে রেগে গিয়ে বলত, এত বেশি বেছে বেছে খেয়ে কী হবে? আগের আমলের মায়েরা তো সব খেত। কই, তাদের তো সমস্যা হতো না। কিন্তু আমি সব সময় ‘গুগল’ করেই খাবার খেতাম।
আমার জলপাইয়ের জুসও খেতে ইচ্ছা করত অনেক। ঝাল তরকারি দিয়ে গরম ভাতের জন্য মন অস্থির লাগত। কিন্তু ডায়াবেটিসের জন্য সেই সময়টায় বেশি ভাত খাওয়ায় বারণ ছিল।