'কবিতায় যদি আমাকে না পাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সেলিনা শেলীকে স্মারক প্রদান করছেন সমাজবিজ্ঞানী অনুপম সেন ও কবি আবুল মোমেন। ছবিটি গতকাল রাতে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
কবি সেলিনা শেলীকে স্মারক প্রদান করছেন সমাজবিজ্ঞানী অনুপম সেন ও কবি আবুল মোমেন। ছবিটি গতকাল রাতে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

৫০তম জন্মদিনে কবি সেলিনা শেলীকে শুভেচ্ছা জানাতে গতকাল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা জড়ো হয়েছিলেন। ‘কবিতায় যদি আমাকে না পাও, পাবে না কোথাও আর’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে সেলিনা শেলী সুহৃদ স্বজন পর্ষদ।

আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার কণ্ঠে সেলিনা শেলীর ‘শিরোনামের কবিতা’ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানাতে একে একে মঞ্চে আসেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি আবুল মোমেন, ফেরদৌস আরা আলীম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি ওমর কায়সার, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, কবি রাশেদ রউফ, কবি এজাজ ইউসুফী, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি মনিরুল মনির, শিল্পী শান্তনু বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, ‘সেলিনা শেলী আশির দশকের মধ্যভাগ থেকে কবিতা লিখছেন। কবিতার শৈলী ও রস দুটোই তাঁর জানা আছে ভালো। অনেকটা মুক্তমনে শেলী মানুষের জীবনের কথা তুলে ধরেন কবিতায়।’

কথামালার ফাঁকে ফাঁকে মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী শুভ্রা বিশ্বাস, অঞ্চল চৌধুরী, ফারুক তাহের, জাভেদ হোসেন, লুবাবা ফেরদৌসী ও স্বপ্নীল বড়ুয়া। অনুষ্ঠানের এক ফাঁকে আয়োজকদের পক্ষ থেকে অনুপম সেন ও আবুল মোমেন কবিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এর আগে সেলিনা শেলীর জীবনী পাঠ করেন মো. মুজাহিদুল ইসলাম। বড় পর্দায় কবিকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি কামরুল হাসান বাদল ও আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী।