‘কমন জেন্ডার’ এবার চলচ্চিত্র
বৃহন্নলাদের জীবন, সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র কমন জেন্ডার। নোমান রবিনের চিত্রনাট্য ও পরিচালনায় কাল বুধবার থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় লালমাটিয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ, সোহেল খান, জয়রাজ, কাজী হায়াত্, ডলি জহুর, চিত্রলেখা গুহ, মানস বন্দ্যোপাধ্যায়, তুষার মাহমুদ প্রমুখ। বিশেষ চরিত্রে অভিনয় করবেন সংগীতশিল্পী এস আই টুটুল। জানা গেছে, ছবির একটি গানে কণ্ঠ দিচ্ছেন অভিনেতা হাসান মাসুদ। চলচ্চিত্রের সব গান লিখেছেন অনুরূপ আইচ। আর সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল, বালাম ও আরেফিন রুমী। এ ছবির মধ্য দিয়ে ১৪ বছর পর প্লেব্যাকে ফিরেছেন ফেরদৌস ওয়াহিদ। আরও গান করেছেন বালাম, জুলি, সায়রা রেজা প্রমুখ। চলচ্চিত্রে থাকছে একটি আইটেম গান। আর এতে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী সিন্ডি রাওলিং।নোমান রবিন বলেন, ‘আমরা পুরোপুরি বাণিজ্যিক ধারার একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। তবে শুধু মুনাফা অর্জন নয়, এই চলচ্চিত্রের আয় দিয়ে বৃহন্নলাদের উন্নত জীবনের জন্য কিছু করা হবে।’ গত ঈদে একই নামে বৃহন্নলাদের নিয়ে একটি নাটক তৈরি করেছিলেন এই পরিচালক।