'কমেডি কুইন' ভারতীর বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদানের দিনে হর্ষ ও ভারতী
বাগদানের দিনে হর্ষ ও ভারতী

ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ভারতীর গতকাল বুধবার বাগদান হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক হর্ষ লিমবাছিয়ার সঙ্গে এই বছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে নিজেই বাগদানের খবর জানিয়েছেন ভারতী।

নাচের প্রতিযোগিতা ‘নাচ বালিয়ে ৮’-এ জুটি বেঁধে এসেছিলেন ভারতীয় ও হর্ষ। নিজেদের নাচ ও রসায়ন দিয়ে ক্রমেই তাঁরা বিচারকদের সন্তুষ্ট করতে থাকেন। যদিও প্রতিযোগিতার শেষ পর্যন্ত যেতে পারেননি তাঁরা। বয়সে হর্ষ ভারতীর থেকে পাঁচ বছরের ছোট হলেও তাঁদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।

ভারতের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি ভারতী বলেন, ‘আমি আমার বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত। বিশেষ করে বিয়ের যতগুলো অনুষ্ঠান হবে, সেগুলো নিয়ে। আমি আমার বিয়েতে মেহেদি, সংগীত, সব অনুষ্ঠান করতে চাই। কারণ, বছরজুড়ে আমাদের ভীষণ খাটুনি খাটতে হয়, এসব অনুষ্ঠানে ফুর্তি করার সময় হয়ে ওঠে না। যদিও হর্ষ খুব সাধারণ ছেলে। হইহল্লা ওর খুব একটা ভালো লাগে না। আর আমি হলাম তার সম্পূর্ণ বিপরীত।’

ভারতী মজা করে বলেন, ‘হর্ষ যতই শান্ত হোক না কেন, হবু স্ত্রীর কথা তো আর ফেলতে পারবে না। তাই বিয়ের সবকিছু আমার মনমতোই হবে।’ জুম টিভি।