‘করপোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’ সম্প্রচারে একুশে
দেশের শীর্ষস্থানীয় ৩২টি করপোরেট প্রতিষ্ঠানকে নিয়ে ‘করপোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’ টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৪ জুন; চলবে ২১ জুন পর্যন্ত। টুর্নামেন্টের সব কটি খেলা সরাসরি সম্প্রচার করবে একুশে টেলিভিশন। পাশাপাশি দর্শক এই আয়োজনের বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানও উপভোগ করতে পারবে ইটিভির পর্দায়।চ্যানেলটির বরাতে জানা গেছে, ‘করপোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সনাত্ জয়াসুরিয়া, শহীদ আফ্রিদিসহ বিশ্বের নামীদামি কয়েকজন তারকা ক্রিকেটার। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়েরা। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন। সম্প্রতি একুশে টিভির কার্যালয়ে ‘করপোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’ টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান মোমেন্ট থ্রি সিক্সটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ইটিভির চেয়ারম্যান আবদুুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোমেন্ট থ্রি সিক্সটির প্রোজেক্ট হেড ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, মোমেন্ট থ্রি সিক্সটির ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদসহ একুশে টেলিভিশন ও মোমেন্ট থ্রি সিক্সটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।