'কলকাতায়ও কিন্তু সবাই এখন খুব সচেতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ কুমার নন্দী। নজরুলসংগীত গাইছেন, গবেষণা করছেন। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সরকারি সংগীত মহাবিদ্যালয় ও বুলবুল ললিতকলা একাডেমিতে। লেজার ভিশন থেকে বেরিয়েছে তাঁর গাওয়া নজরুলসংগীত নিয়ে অ্যালবাম উদার প্রাতে
প্রদীপ কুমার নন্দী
প্রদীপ কুমার নন্দী
‘উদার প্রাতে’...
আমার দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি ছিল মৃদুভাষিণী (২০১০)। উদার প্রাতে অ্যালবামে গান রয়েছে আটটি। এর মধ্যে ‘নিরজনে ফুলবনে এসো প্রিয়’ আর ‘সতি হারা উদাসী’ গান দুটি একটু পরিচিত। অন্য গানগুলো একেবারেই শোনা যায় না। কাজী নজরুল ইসলাম কিন্তু তিন হাজার ১৮০টি গান রচনা করেছেন। তাহলে আমরা কেন তাঁকে অল্প কিছু গানের মধ্যে সীমাবদ্ধ রাখব? আমি এবার শ্রোতাদের কাছে কম শ্রুত কিছু গান পৌঁছে দিতে চেয়েছি।
নজরুলের গান নিয়ে গবেষণা...
আমার পিএইচডির বিষয় ছিল ‘কাজী নজরুলের গান: সুরকার প্রসঙ্গ’। কাজটি করতে গিয়ে নজরুলের গানের সুরকারদের ব্যাপারে জানার চেষ্টা করেছি। ভারতে থেকে নজরুলের গানের যতগুলো রেকর্ড বেরিয়েছিল, কিংবা ব্যক্তিগত সংগ্রহে আছে, সেগুলো থেকে জানার চেষ্টা করেছি। এ ব্যাপারে খুব সহযোগিতা করেছে এইচএমভি।  
বিমান মুখোপাধ্যায়ের সান্নিধ্য...
গবেষণার সময়টাতে বিমান মুখোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছিলাম। এইচএমভিতে তিনি নজরুলের গানের প্রশিক্ষক ছিলেন। বিভিন্ন শিল্পীকে দিয়ে নজরুলের অসংখ্য গান তিনি শিখিয়েছেন, রেকর্ড করিয়েছেন। আমি তাঁর কাছে চার বছর গান শিখেছি। 
শুদ্ধ বাণী ও সুর...  
আমাদের এখানে নজরুলের গান শুদ্ধ বাণী আর সুরে গাওয়ার ব্যাপারে সচেতনতা তৈরি হয়েছে। আমি চার মাস পরপর কলকাতায় যাই। সেখানে তারা মিউজিক আর আকাশ বাংলা চ্যানেলে গান করি। নজরুলের গান শুদ্ধ বাণী আর সুরে শেখা ও গাওয়ার ব্যাপারে কলকাতায় কিন্তু সবাই এখন খুব সচেতন। ওখানে নজরুল একাডেমি হচ্ছে, নজরুল বিশ্ববিদ্যালয় হচ্ছে। আমাদের নজরুল ইনস্টিটিউটের কাজগুলো ওখানে খুব ইতিবাচক প্রভাব ফেলেছে। আর গায়কীতে কিছুটা পার্থক্য তো থাকবেই। 
আমার বই...
গত ২৮ মার্চ উদার প্রাতে অ্যালবামের মোড়ক খোলা হয়। একই অনুষ্ঠানে কাজী নজরুলের গান: সুরকার প্রসঙ্গ ও শিল্প ও নন্দন তত্ত্ব নামে আমার দুটি বইয়ের মোড়ক খোলা হয়।
বিনোদন প্রতিবেদক