‘কলেজের সেট সব ভাইঙ্গাচুইরা লইয়া গ্যাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানটিন চত্বরের পাশে ৮ নম্বর ফ্লোরের সামনে গিয়ে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়। আঙিনাজুড়ে বানানো নিউ মডেল ডিগ্রি কলেজটি রাতারাতি হাওয়া! ভাবি, কদিন আগেও তো দেখেছিলাম এফডিসির ভেতর কলেজটি ছাত্রছাত্রীদের পদচারণে মুখর, চলছিল ইঞ্চি ইঞ্চি প্রেম ছবির শুটিং! কিন্তু সপ্তাহ ঘুরে এখন, কলেজ ক্যাম্পাসের ছিটেফোঁটা চিহ্নও নেই। খাঁ খাঁ একটি মাঠ পড়ে আছে।রোজার মাস। আশপাশে লোকজন তেমন নেই। ক্যানটিনে ঢুঁ দেওয়ার আগেই আটকে গেলাম। ক্যানটিন বন্ধ। দেখি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন। বললেন, ‘শুটিং শেষ হইছে, কলেজের সেট সব ভাইঙ্গাচুইরা লইয়া গ্যাছে।’তাহলে এখানেও ভাঙা-গড়ার খেলা! আজ এখানে শুটিং—সব সাজানো গোছানো। শুটিং শেষ তো পরক্ষণেই সবকিছু নিশ্চিহ্ন।ছবির গল্প হয়তো কলেজ ক্যাম্পাস থেকে এখন কোনো এক ফ্লোরের অন্দরমহলে ঢুকে গেছে। ছিমছাম ঘরের মধ্যে হয়তো চলছে শুটিং। দূরে দেখা গেল ঝরনা-স্পটের ফটকে কিছু মানুষের জটলা। শুটিং চলছে কি না, তা-ও বোঝা গেল না। ঝরনা-স্পটে পৌঁছে দেখি, ভেতরে শুটিং চলছে। ফটকের বাইরে থেকেই একটা গানের লাইন কানে এল, ‘রেললাইনের জংশনে, দেখা হলো দুজনে...।’ ক্যাসেট প্লেয়ারে বাজছে গানটি। ঝরনা-স্পটের মধ্যে পুকুরের এক পাশে গানের সঙ্গে নাচছেন কয়েকজন ছেলেমেয়ে। অন্য পাশে চলছে ক্যামেরা। ক্যামেরার পেছনে দেখা গেল, ছোট পর্দার পরিচালক আশুতোষ সুজনকে।সিনেমার, না নাটকের শুটিং, বোঝা গেল না।‘কাট, কাট...’ বলে নাচ থামিয়ে দিলেন পরিচালক। ছেলেমেয়েদের উদ্দেশে বললেন, ‘আরেকবার নেব। এবার নাচের সময় সবার মুখে হাসি থাকবে। ওকে?’আবার চিৎকার করে বললেন, ‘সব ওকে? আমরা যাই। থ্রি...টু...ওয়ান...অ্যাকশন।’ আবার শুরু হলো নাচ। ক্যামেরা চলছে। গানের ওই লাইনের দৃশ্যটুকু ধারণ করা হলো।পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেল, এটি নাটকের শুটিং—আমি নায়কের বন্ধু। নাটকের নাম শুনে আরেকবার ভিরমি খেলাম!বড় বড় ক্রেন, দামি ক্যামেরায় নাটকের শুটিং?‘গল্পটা অন্য রকমের। নাটকের মধ্যে পুরো সিনেমা। সেই সিনেমায় নায়ক-নায়িকা ওমর সানী ও মৌসুমী। তাঁরা দুজনই এখন গ্রিনরুমে মেকআপ নিচ্ছেন। এলেই কাজ শুরু করে দেব।’ বললেন আশুতোষ সুজন।৩ নম্বর ফ্লোরের গ্রিনরুমের দরজা বন্ধ। উঁকিঝুঁকি মারছেন কেউ কেউ। ভেতরে গিয়ে দেখা গেল, মেকআপ নিয়ে বসে আছেন মৌসুমী ও ওমর সানী। এর মধ্যে স্পটে যাওয়ার ডাক এল।‘চলেন, হাঁটতে হাঁটতে কথা বলি।’ বললেন মৌসুমী।বের হয়ে ফ্লোরের মুখের রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে গেলেন দুজন। মৌসুমীকে ওমর সানী বললেন, ‘তোমার মুখের এক পাশে মেকআপাটা একটু কেমন যেন লাগছে। দাও, আমি ঠিক করে দিই।’‘আরে না না...লাগবে না।’ মৌসুমীর কথা।ওমর সানী নাছোড়বান্দা। ‘আরে দাও না।’ শেষ পর্যন্ত ওমর সানীরই জয় হলো। নিজ হাত দিয়েই মেকআপ ঠিক করে দিলেন তিনি।আমরা দেখলাম এক সুখী দম্পতিকে।