‘কলেজ’-এ শখ ও শায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ ও ‘মেহেরজান’খ্যাত শায়না আমিন ‘কলেজ’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন। রেদওয়ান রনির মূল পরিকল্পনায় ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন পল্লব বিশ্বাস। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে।এ প্রসঙ্গে শায়না আমিন বলেন, ‘কলেজ ধারাবাহিকের গল্পটা বেশ মজার। কাজ করেও বেশ আনন্দ পাচ্ছি। ছাত্রাবাসে কাটানো জীবনের অনেক কিছুই নাটকটিতে অভিনয়ের মধ্য দিয়ে জানতে পারছি।’কলেজ নাটকটির গল্প সম্পর্কে শায়না আমিন বলেন, ‘ছেলে ও মেয়েদের দুটি ছাত্রাবাসকে কেন্দ্র করেই কলেজ নাটকের গল্প। নাটকে দেখা যাবে, ছেলেদের ছাত্রাবাসের এক বড় ভাইকে সব ছাত্ররা খুব ভয় পায়। প্রথম দিন থেকেই তারা বড় ভাইয়ের বিভিন্ন অত্যাচারের শিকার হয়। একপর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে মেয়েদের ছাত্রাবাসের তিনজন ছাত্রীর শরণাপন্ন হয়। তারা সবাই মিলে ছেলেদের ছাত্রাবাসের বড় ভাইটাকে শায়েস্তা করার জন্য ঐক্যবদ্ধ হয়। এভাবেই কলেজ নাটকের গল্প এগোতে থাকে।’কলেজ নাটকের আরেক অভিনয়শিল্পী নিলয় জানিয়েছেন, ‘আমি ধারাবাহিকের খুব একটা কাজ করি না। এটি আমার তৃতীয় ধারাবাহিক নাটক। এর আগে ফেরদৌস হাসানের বন্ধু আমার ও পা রেখেছি যৌবনে নামের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। কলেজ নাটকের গল্পটি শোনার পর কাজটি করতে রাজি হয়ে যাই। যে কয়দিন শুটিং করেছি, তাতেও অনেক মজা হয়েছে। নাটকটি দেখে দর্শকেরাও বেশ আনন্দ পাবেন।’এদিকে কলেজ নাটকের মূল পরিকল্পনাকারী রেদওয়ান রনি বলেন, ‘এটা ইশকুল নাটকের পরবর্তী পর্যায়ের গল্প। ইশকুল নাটকে আমরা দেখিয়েছি দশম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত সময়টাকে। এবার দেখানো হবে কলেজসময়ের বিভিন্ন ঘটনা। শখ, নিলয় ও শায়না ছাড়াও কলেজ ধারাবাহিকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন আ খ ম হাসান, মম মোর্শেদ, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, মিশু, অপু, নাফা প্রমুখ।পরিচালক সূত্রে জানা গেছে, ২৩ জুলাই থেকে প্রতি সোম এবং মঙ্গলবার মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ২৬ পর্বের ধারাবাহিক নাটক কলেজ।