কামার আহমাদ সাইমন। বিশ্বের অন্যতম প্রামাণ্য উৎসব ‘ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডাম’ (ইডফা)। উৎসবটির বার্ষিক প্রতিযোগিতামূলক অনুদানের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমনের নাম। আগামী ছবির চিত্রনাট্যের জন্য এই অনুদান পেলেন সাইমন। এর আগে শুনতে কি পাও ছবির জন্যও একই উৎসবে অনুদান পেয়েছিলেন এই নির্মাতা। এ ছাড়া ইউরোপের অন্যতম প্রামাণ্য উৎসব প্যারিসের সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতেছিল শুনতে কি পাও।পর পর দুবার...বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে জমা পড়া ৩৩০টি পাণ্ডুলিপি থেকে বাছাই করা মাত্র ১৩টি ছবিকে পুরস্কৃত করেছে ইডফা। এর মধ্যে আমার আগামী একটি। আমি চুপচাপ কাজ করে যাই। সেটা কারও কারও হয়তো ভালো লাগে। তাদেরও হয়তো ভালো লেগেছে, এ কারণেই দ্বিতীয়বারের মতো এই অনুদান পেলাম। ইডফার মতো সম্মানজনক একটি আন্তর্জাতিক উৎসব থেকে পর পর দুবার ছবির জন্য অনুদান পুরস্কার পাওয়া সত্যিই খুব আনন্দের, এটা সচরাচর ঘটে না।নতুন ছবি ‘আগামী’...সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর নতুন ছবি আগামীর কাজ শুরু করার ইচ্ছা আছে। শুনতে কি পাও ছবির মতো এই ছবির মুখ্য বিষয়ও সাধারণ মানুষের যাপিত জীবন। কল্পকাহিনির চেয়ে বাস্তব জীবন আমাকে অনেক বেশি আকর্ষণ করে। আমার কাছে মনে হয়, পৃথিবীর যেকোনো কল্পকাহিনির চেয়ে বাস্তব জীবন অনেক বেশি রোমাঞ্চকর, ঘটনাবহুল ও রসবোধপূর্ণ। ছবির বিষয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না।‘শুনতে কি পাও’ ছবিটি দর্শকেরা দেখবেন...পর পর অনেকগুলো আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ ছিল। এ ছাড়া ইচ্ছা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। ঈদের পর পরিস্থিতি অনুকূলে থাকলে দেশব্যাপী ছবিটি প্রদর্শনের ইচ্ছা আছে।নির্মাতা হয়ে ওঠার যাত্রা...ফটোগ্রাফির নেশা ও চলচ্চিত্রের প্রতি দুর্বলতাই আমাকে নির্মাতা বানিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকার এমন কোনো চলচ্চিত্র উৎসব ছিল না, যেখানে আমি ছবি দেখিনি।সমকালীন চলচ্চিত্র-ভাবনা...আমাদের চলচ্চিত্রের সবচেয়ে সম্ভাবনার বিষয় হলো, একঝাঁক তরুণ নির্মাতা এই মুহূর্তে একসঙ্গে কাজ করছেন। কিন্তু একজন নির্মাতাই তো শিল্পের সবটুকু নন, একটি বৃত্ত সম্পূর্ণ করতে আরও ৩৫৯টি বিন্দুর প্রয়োজন। যেটার অভাব বেশি বোধ করছি, সেটা হলো ব্যবসায়িক মনোবৃত্তিসম্পন্ন শিক্ষিত তারুণ্যের। এমন লোক দরকার, যিনি শুধু এই শিল্প থেকে ফায়দা লোটার চেষ্টা করবেন না, একে ভালোবাসবেন।মাহফুজ রহমান