‘কাঁটা’র স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয়ের ১৭ দিনের মাথায় অনিমেষ বিয়ে করতে চাইলেন দীপান্বিতাকে। কিছুটা দ্বিধায় দীপা। অনিমেষের অনুযোগ, ‘আমার ওপর কি তোমার আস্থা পুরোপুরি হয়নি এখনো?’‘হবে না কেন? বিয়ে করলে তো করাই যায়। কিন্তু যাক না আরও কিছুদিন? অনিমেষকে এভাবেই বোঝালেন দীপান্বিতা।অনিমেষ লেখালেখি করেন। নাটক নির্মাণের নেশা তাঁর। কয়েকটা কাজও করেছেন। প্রশংসাও মিলেছে। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খায়। যখনই মনে হয়, তখনই লিখে ফেলেন।দীপা সাংবাদিকতার ছাত্রী। অনিমেষের ছোট ভাই দীপার বন্ধু। সেই সুবাদে অনিমেষের সঙ্গে দীপার পরিচয়। ভালো লাগা, তারপর ভালোবাসা।দীপাও ছোটবেলা থেকেই থিয়েটার করেন। নুরুল আলম আতিকের নাটকে কাজ করেছেন। কিন্তু অনিমেষের নাটকে তখন পর্যন্ত কাজ করেননি। দীপা চাননি কেউ বলুক, ভালোবাসার মানুষ বলেই অনিমেষ, দীপাকে নিয়ে কাজ করছেন। কাজ না থাকলে প্রায়ই দীপা-অনিমেষ দেখা করতেন। ছোট ছোট স্বপ্ন বুনতেন। একসময় বিয়ের জন্য অনিমেষের পীড়াপীড়ি। যথেষ্ট আস্থাই অর্জন করেছেন তিনি। প্রেমের এক বছর পূর্ণ হওয়ার পর বিয়ে করলেন তাঁরা। তারপর পাঁচ বছর তাঁদের সংসার।অনিমেষ বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের সবকিছু দীপাই সামলান।বিয়ের পর এই পাঁচ বছরে অনিমেষের অনুরোধে তিনটি নাটকে ছোট ছোট তিনটি চরিত্রে কাজও করেছেন দীপা। শহিদুল জহিরের ‘কাঁটা’ গল্পটি পড়ার পর অনিমেষ ঠিক করলেন, এ গল্প নিয়ে নাটক বানাতে হবে। শহীদুজ্জামান সেলিম আর মোশাররফ করিমের শিডিউল মেলানো হলো। এবার ভাবনা, মেয়ের চরিত্রটি কে করবে? অনিমেষ ঘুরেফিরে দীপাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারছেন না। কিন্তু দীপা এ নাটকে কাজ করতে চাইবেন না। কারণ, তিনি মনে করবেন, অনিমেষ তাঁকে সুযোগ করে দিচ্ছেন। ভাবনার এই দোদুল্যমানতার মধ্যেই অনিমেষ দীপাকে বললেন কথাটি।অনিমেষের ধারণাই ঠিক হলো। দীপা সরাসরি না করে দিলেন। বন্ধুরা দীপাকে বোঝালেন এবং রাজি করালেন। কাজটা হলো। নাটকটি প্রচারের পর সবাই বেশ প্রশংসাই করলেন।আর এই একটি নাটকে কাজ করেই অনিমেষ ও দীপান্বিতা দুজনই পেলেন মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। স্বামী-স্ত্রী দুজনই বেশ খুশি।‘আসলেই আমি ভাবিনি যে দুজনই এই পুরস্কার পাব। কাজটা ভালো হয়েছে এবং দীপাও ভালো করেছে, এটা জানতাম। তবে এমন স্বীকৃতি আসলেই খুশির মাত্রাটা বাড়িয়ে দিয়েছে।’ বলছিলেন অনিমেষ।দীপান্বিতাও একইভাবে তাঁর অনুভূতি প্রকাশ করলেন। ‘নিয়মিত কাজ না করলেও ছোটবেলা থেকেই থিয়েটার করেছি। ফলে আমার মাথায় একটা ব্যাপারই কাজ করেছিল, পরিচালক আমাকে যে চরিত্রটির কথা বলেছেন সেটিকে মাথার মধ্যে নিয়ে নিতে পারলেই হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি। কাঁটা নাটকটিতে আমি সেভাবেই কাজ করেছি। পরিচালকের চাওয়াটা পূরণ করার চেষ্টা করেছি।’ বলছিলেন দীপা।পরিচালক নাকি জীবনসঙ্গী, কোন অনিমেষ বেশি ভালো?অনিমেষ দৃষ্টি সরিয়ে নিলেন। দীপান্বিতা হেসেই খুন। বললেন, খুবই কঠিন প্রশ্ন। অনিমেষ দীপান্বিতাকে সত্যি কথা বলার জন্য বললেন।‘অবশ্যই জীবনসঙ্গী হিসেবে অনিমেষ আমার কাছে বেশি প্রিয়।’অনিমেষকে একই প্রশ্ন করা হলে অনিমেষ বললেন, ‘এটা বলাটা রিস্কি। তবে এতটুকু বলতে পারি, আমার কাজে ও সব সময় প্রেরণা দেয়। যেমন, আমি হয়তো বাসায় আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই নাটক লিখতে বসে যাচ্ছি। ও চা-কফি বানিয়ে দিচ্ছে। কিন্তু আমি খাচ্ছি আর লিখে যাচ্ছি। এভাবেই রাত ১২টা পর্যন্ত সময় কাটিয়ে দিচ্ছি। সাত দিন এভাবেই কিন্তু বাসায় কাজ করছি। তার পরও আমি মানুষটা কিন্তু বাসায় নাই। কারণ, ওই সময়টায় আমি জানিই না বাসায় কোথায় কী হচ্ছে। কার কী প্রয়োজন। দীপা আমাকে একবারও এ সময়টাতে কিছু বলে না। হয়তো ওর সঙ্গে আমার কথাও হলো না। তাতেও দীপা কিছু বলবে না। কারণ, আমি আগেও বলেছি এখনো বলি, পৃথিবীতে সবার আগে আমার ভালোবাসার জায়গা হচ্ছে আমার পেশা, কাজ। তারপর স্ত্রী ও পরিবার।’দীপা জানালেন, ‘অনিমেষ ভালো কাজ করতে চায়, সেই ভালো কাজের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, সেটুকু করার চেষ্টা করি।’কাঁটার পর অনিমেষের কোন নাটকে দীপাকে দেখা যাবে?দীপা মৃদু প্রতিবাদ করলেন, ‘না। এমনটা ভাবি না যে অনিমেষ আমার জন্য চরিত্র তৈরি করবে, আমি বরং বলি যে আমি যদি অভিনয় জেনে থাকি, তাহলে এমনিতেই আমার জন্য চরিত্র আসবে। আর কাজ আমাকে করতেই হবে—এমন আকাঙ্ক্ষা আমার নেই।’দুপুরের আলোর তীব্রতা কমে আসছে। একটু একটু বাতাস এসে অনি-দীপার খোলা বারান্দায় পরশ বুলিয়ে দিচ্ছে। আর তারই ফাঁকে আলোকচিত্রীর ক্যামেরাবন্দী হলেন দুজন।