‘কাঁঠাল বাগান’ থেকে ‘কিং লিয়ার’
কাঁঠাল বাগান নাটকটির পর খুব কম সময়ের মধ্যে নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে আরও একটি নাটকের নির্দেশনা দিতে যাচ্ছেন আলী যাকের। নাটকটির নাম ঠিক না হলেও শেকসিপয়ারের কিং লিয়ার নাটকটি মঞ্চে আনার আভাস দিয়েছেন তিনি। আলী যাকের বলেন, ‘প্রথমত, আমার পছন্দ সৈয়দ শামসুল হকের একটি নাটক করা। এ ব্যাপারে তাঁর কাছে একটি পাণ্ডুলিপি চাওয়া হয়েছে। না হলে ইবসেনের নাটক করব। তবে আমার সর্বশেষ পছন্দ শেকসিপয়ারের কিং লিয়ার নাটকটি। আমার খুবই পছন্দের নাটক কিং লিয়ার। যদি এই নাটকটি শেষ পর্যন্ত করি তাহলে আগামী শীতে নাটকটি মঞ্চে আনার জন্য কাজ শুরু করব। এই নাটকটি সম্পর্কে আমার আগে থেকেই জানাশোনা আছে।’কাঁঠাল বাগান নাটকটি মঞ্চে আনার কম সময়ের মধ্যে আরও একটি নাটক মঞ্চে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সময় আছে বলেই মঞ্চের কাজ ঘন ঘন করতে পারছি। কেন না আমি টেলিভিশনে কাজ কমিয়ে দিয়েছি। মঞ্চে কাজ করতে ভালো লাগে। এই মাধ্যমটি আমি বুঝি। এখানে অভিনয় ও নির্দেশনা দুটোতেই কাজের জায়গা আছে, যা টেলিভিশনের বেলায় নেই। টেলিভিশনে কাজের ক্ষেত্রে পাণ্ডুলিপি পাই। শুটিং লোকেশনে গিয়ে সংলাপ বলে কাজ করে আসি। আমার মনে হয়, এখানকার কাজের মধ্যে ধারাবাহিকতার অভাব আছে। কিন্তু মঞ্চে সেই অভাব নেই।’ তিনি আরও বলেন, মঞ্চের কাজের আনন্দ অন্য রকমের। এখানে কাজ করলে তাৎক্ষণিক দর্শকের কাছ থেকে সাড়া পাওয়া যায়। দ্রুত দর্শকের কাছাকাছি যাওয়া যায়।’