'কাজটা আমি উপভোগ করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ষা
অর্ষা

 অর্ষা। ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন। এরপর অভিনয় ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে মাহফুজ আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক মাগো তোমার জন্য। নাটকটিতে অভিনয় করেছেন তিনি

মাগো তোমার জন্য...
আমার বাড়ি বরিশালে। কিন্তু নাটকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। এর আগে পাবনার আঞ্চলিক ভাষায় এবং পুরান ঢাকার ভাষার সংলাপের নাটকে অভিনয় করেছি। কিন্তু এবার অভিনয় করতে গিয়ে খুব ঝামেলা পোহাতে হচ্ছে। সংলাপ বলার সময় মাহফুজ আহমেদ খুবই সহযোগিতা করেছেন। আর কাজটা আমি উপভোগ করেছি।

মহুয়া মঙ্গল...

আমার নতুন চলচ্চিত্র। ময়মনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’ কাহিনির ছায়া অবলম্বনে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। ছবিতে ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করব আমি। আমি যাত্রাদলের একজন অভিনয়শিল্পী। ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা আছে।

ফেরারি ফানুস...

২০১০ সালে ফেরারি ফানুস ছবির জন্য চুক্তিবদ্ধ হই। কয়েক দিন শুটিংও করেছিলাম। আমার সহশিল্পী ছিলেন রওনক হাসান। ছবিটি সম্পর্কে এখন আর কিছুই জানি না। তবে এটুকু বলতে পারি, ছবিটি নিয়ে নির্মাতা আমাদের বিভ্রান্ত করেছেন। 

পড়াশোনা...

গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে খাদ্য-পুষ্টি বিজ্ঞান বিষয়ে স্নাতক পরীক্ষা দিয়েছি। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি।

অর্ষার ভাবনা...

পড়াশোনার জন্য ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার অন্য সবার মতো আমি নাটকে নিয়মিত হইনি। অনেক বেছে কাজ করেছি। পড়াশোনার বিষয়টি নিয়ে আমি বড় পরিসরে কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের অপুষ্টিবিষয়ক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করার ইচ্ছা আছে।

অর্ষার টার্নিং পয়েন্ট...

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর হুইল ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনচিত্রটি আমাকে নতুন পরিচিতি এনে দেয়। আর নাটকের ক্ষেত্রে সাতকাহন ধারাবাহিক। গোলাম সোহরাব দোদুলের এই ধারাবাহিকটির পর আমার নাটকের ব্যস্ততা বাড়তে থাকে।

বিনোদন প্রতিবেদক