‘কাজলের অন্তর্ধান’-এ মৌসুমী
অভিনেত্রী মৌসুমী গানেও পারদর্শী। গীতিকার কবির বকুলের লেখা অনেক গানে প্লে-ব্যাক করেছেন তিনি, একক অডিও অ্যালবামেও গেয়েছেন কবির বকুলের লেখা গান। এবার এই গীতিকারের রচিত চিত্রনাট্য নিয়ে বানানো একটি নাটকে অভিনয় করছেন মৌসুমী; নাম ‘কাজলের অন্তর্ধান’। নাটকটি পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুল এই প্রথম কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন।আজ সোমবার উত্তরায় ‘কাজলের অন্তর্ধান’-এর শুটিং শুরু হয়েছে। এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও সজল। মৌসুমী কাল মঙ্গলবার থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন।চিত্রনাট্য প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘কাজের ব্যস্ততায় নাটক লেখার সময় হয় না। তবে বিশেষ অনুরোধে সময় বের করে ঈদের ছুটিতে নাটকটি লিখেছি।’ নাটকের কাহিনি প্রসঙ্গে কবির বকুল জানান, মৌসুমী এ নাটকের নামভূমিকায় অভিনয় করছেন। তিনি ছিলেন একজন সুপারস্টার চিত্রনায়িকা। একটি দুর্ঘটনায় লোকচক্ষুর অন্তরালে চলে যান মৌসুমী। কিন্তু কেন? এই অন্তর্ধানের রহস্য উদঘাটন করতে এগিয়ে আসেন বিদেশফেরত সাংবাদিক সজল। পরিচালক আলভী আহমেদ জানান, কোরবানির ঈদে প্রচারের জন্য নির্মিত হচ্ছে ‘কাজলের অন্তর্ধান’।