
দৃশ্য এক
ইমন: তোমাকে আজ সিদ্ধান্ত নিতেই হবে।
তানিয়া: তুমি বুঝতে পারছ না। এ কারণে কত বিপদ আসবে আমাদের।
ইমন: না, কোনো কথা শুনতে চাই না। আমরা এখনই কাজিবাড়িতে গিয়ে বিয়ে সেরে ফেলব।
‘কাট কাট...হয়নি।’ মনিটরে বসে চিৎকার করে উঠলেন পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু। ‘তোমাদের দ্বারা কিছুই হবে না।’ চিৎকার শুনে রীতিমতো ভড়কে গেলেন ইমন ও তানিয়া। কাঁচুমাচু হয়ে ইমন বললেন, ‘জি...জি ভাইয়া। তাহলে আরেকবার করি?’
‘আরে তোমাদের না। বোর্ড শিট ধরে আছে, ওই গাধাগুলো, ওদের বলছি। শটটি ঠিক ছিল। কিন্তু শটের মধ্যে তো বোর্ড ঢুকে গেছে।’ যোগ করলেন বাবু।
এ কথা শুনে ইমন-তানিয়া যেন দম ছেড়ে বাঁচলেন। দুজনেরই মুখে এখন প্রশান্তির হাসি। আবার নতুন করে দৃশ্যটির ধারণ শুরু হলো। ইমন ও তানিয়ার কথোপকথনে ক্যামেরা চলতে শুরু করেছে।
ঘটনাটি জসিম ফ্লোরের। ধারণ শেষ হয়েছে দৃশ্যটির। লাইট, ক্যামেরাসহ অন্য সরঞ্জামাদি গোছানো নিয়ে তোড়জোড় শুরু হয়েছে ইউনিট কর্মীদের। পরিচালক মুস্তাফিজুর রহমান পরের দৃশ্য ধারণের তাগিদ দিলেন। বললেন, ‘তোমরা বাগানের পাশের রাস্তায় যাও, গানের একটা দৃশ্য নেওয়া হবে। হিরো-হিরোইনের সহশিল্পীদের কল দাও।’ কথাগুলো বলে লোকেশনের উদ্দেশে হাঁটা শুরু করেছেন। সঙ্গে আমরাও। হাঁটতে হাঁটতে কথা বলি তাঁর সঙ্গে। ‘ছবিটির নাম রেখেছি কখনো ভুলে যেও না। প্রেমের গল্প নিয়ে ছবিটি। কমেডিও আছে। ইমনের বিপরীতে পুষ্পিতা ও তানিয়া নামে দুজন নায়িকা। দুজনই নতুন। যতটুকুই কাজ করেছি, দুজনই ভালোই করছেন।’ বললেন তিনি।
এফডিসির বাগান এলাকায় লোকজনে ঠাসা। এখানেই গানের দৃশ্য ধারণ হবে।
দৃশ্য দুই
৩ নম্বর ফ্লোরের সামনের রাস্তায় কয়েকজন পরিচালক দাঁড়িয়ে খোশগল্প করছেন। যোগ দিই আমরাও। এর মধ্যে পরিচালক শাহিন কবির টুটুল এসে উপস্থিত হলেন। জানালেন তাঁর নতুন ছবি গোল্লাছুট-এর শুটিংয়ের কথা। বললেন, ‘নায়িকা নিয়ে ঝামেলায় আছি। শিগগিরই একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আশা করছি, আগামী নতুন বছরের শুরুতেই ছবির কাজ শুরু করতে পারব।’
পাশেই আট নম্বর স্টুডিওর ফ্লোর দিয়ে দ্রুত হেঁটে এসে সাইমনের গাড়িতে ওঠার প্রস্তুতি। গায়ে শুটিংয়ের পোশাক। চোখে চোখ পড়াতে থেমে গেলেন। ‘হাতিরঝিলে শুটিং হচ্ছে। ছবির নাম তোর লাগি পরান কান্দে । মেকআপ নিতে এখানে এসেছিলাম। আমার জন্য ইউনিট বসে আছে।’ বলেই গাড়িতে করে দ্রুত বের হয়ে গেলেন।
ততক্ষণ মাথার ওপরের কুসুমের মতো লাল সূর্য পশ্চিম আকাশে যাত্রা শুরু করেছে।