'কাট কাট... ওয়েলডান তানিয়া...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে দৃশ্যধারণ
চলছে দৃশ্যধারণ

এফডিসির প্রধান ফটক দিয়ে হন্তদন্ত হয়ে বের হচ্ছেন পরিচালক মোস্তফা কামাল রাজ৷ এ সময় আমরাও মূল ফটক দিয়ে ভেতরে ঢুকছি৷ মুখোমুখি দেখা হলো৷ কদিন বাদেই তাঁর তারকাঁটা ছবিটি মুক্তি পাবে৷ ইতিমধ্যে ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে৷ কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘খুব ব্যস্ততা যাচ্ছে৷ গতকাল ভারত থেকে ফিরেছি৷ ওখানকার রিলায়েন্স ল্যাবে ছবির কিছু কাজ শেষ করে আনলাম৷’ কবে মুক্তি দিচ্ছেন ছবিটি? ‘এ মাসের শেষের দিকে আশা করছি৷ এ নিয়েই দৌড়াদৌড়ি৷ এখন আবার কাকরাইলে যেতে হবে৷’ এ কথা বলেই বেরিয়ে গেলেন তিনি৷ আমরাও ভেতরে ঢুকে গেলাম৷
দূর থেকে ৩ নম্বর ফ্লোরের সামনে লোকজনের জটলা চোখে পড়ে৷ ওই পথে এগোই৷ কাছাকাছি যেতেই ভেতর থেকে গানের শব্দ কানে এল৷ কেউ কেউ মূল ফটক দিয়ে ভেতরে উঁকিঝুঁকি মারছেন৷ আমরাও উঁকি দিই৷ এবার মূল স্টুডিওর ভেতরে ঢুকে যাই৷ অর্ধেক ফ্লোরজুড়ে গানের শুটিংয়ের সেট ফেলা হয়েছে৷ বেশ কয়েকজন নৃত্যশিল্পীসহ মঞ্চে দাঁড়িয়ে আছেন নতুন নায়িকা তানিয়া৷ তাঁদের অবস্থান ঠিক করে দিচ্ছেন একজন কোরিওগ্রাফার৷ আলো-ঝলমলে মঞ্চের বাইরের চারপাশ আবছা অন্ধকার৷ আশপাশের কাউকে তেমনটা চেনাও যাচ্ছে না৷ ক্যামেরার পেছনে দাঁড়ানো একজন ইউনিটকর্মী জানান, লাভ ২০১৪ ছবির একটা গানের দৃশ্য ধারণের কাজ চলছে৷ পরিচালক জি সরকার৷ এরই মধ্যে কোরিওগ্রাফার হাঁক দিলেন, ‘আমরা এখন যাব৷ সব ঠিকঠাক আছে৷’ তিনি বললেন, ‘তানিয়া, আমি যতটুকু তোমাকে দেখালাম, ঠিক ততটুকুই করবে, ঠিক আছে?’ তানিয়াও বললেন, ‘ওকে ভাইয়া৷’ সবাই প্রস্তুত৷
আবছা অন্ধকার ভেদ করে একপাশ থেকে শোনা গেল, ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে গান বাজবে কিন্তু৷ ওদিকে গিয়ে দেখি, পরিচালক জি সরকার মনিটরে বসে মঞ্চ সাজিয়ে নিচ্ছেন৷ ‘ওকে, আমরা যাই’ বলেই একটু সময় নিলেন৷ চারপাশে নীরবতা নেমে এল৷ ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে ক্যাসেট প্লেয়ারে বেজে উঠল ‘আয়রে আমার প্রেম বাজারে আয়রে তোরা আয়...’ গানের সঙ্গে চলছে ক্যামেরা৷ তার সামনে মঞ্চে নৃত্য৷ ‘কাট কাট...ওয়েলডান তানিয়া৷ তবে আরও একবার আমরা নেব অংশটি৷’ আবার নতুন প্রস্তুতি শুরু হলো৷ ফাঁকে দৃশ্যটি নিয়ে কথা বলি জি সরকারের সঙ্গে৷ বললেন, ‘তানিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয় শাকিবের৷ শাকিব বিয়ে না করে পালিয়ে যান৷ তানিয়ার মনে জিদ, দেশের একজন সুপারস্টার হবেন এবং সেই অবস্থানে পৌঁছে একটা শো করতে এসেছেন তানিয়া৷ সেই শোর দৃশ্যই এটি৷’ এর মধ্যে দ্বিতীয়বার ধারণের প্রস্তুতি শেষ হয়েছে৷
এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি৷