
আমার যত দোষ
আমি অল্পতেই উত্তেজিত হয়ে যাই। তবে উত্তেজিত হয়ে কারও গালে কিন্তু থাপ্পড়টাপ্পড় মেরে বসি না, হা হা হা। এই আচরণ পরিবার, এমনকি পরিবারের বাইরের মানুষের সঙ্গেও হয়। কখন হয়, তা একটু পরিষ্কার করি: অনেক সময় পরিবারে কারোর সঙ্গে যখন নিজের মত মেলে না, তখন এমনটি হয়। আবার পরিবারের বাইরেও হয়—অনেক সময় রাস্তাঘাট কিংবা শুটিংয়ের সময় ভক্তরা এমন সব আবদার করে বসেন, যাতে কাজে ব্যাঘাত ঘটে। হুট করে রেগে যাই তখনই।
আমি খুব ঘুমকাতুরে। সময়মতো ঘুমাই না। কিন্তু যখন ঘুমাই, তখন কুম্ভকর্ণ ফেল—কোনো হুঁশ থাকে না! এ জন্য অনেক সময় কাজ সময়মতো করা হয় না।
খাওয়াদাওয়ার ব্যাপারে আমি উদাসীন—সময়মতো খাওয়া হয় না। অনেক সময় দেখা যায়, শুটিং বা অন্য কোনো কাজ করছি; ওদিকে খাওয়ার কথা মনেই নেই। কাজ করছি তো করছি...।
আমার যত গুণ
আমার লোভ-লালসা নেই। অর্থবৃত্তের ব্যাপারে কোনো মোহ নেই—জীবন চলার জন্য বাস্তবে যতটুকু প্রয়োজন, ততটুকুর জন্যই কাজ করি।
কাজের ব্যাপারে খুবই সিরিয়াস আমি। যখন যতটুকু কাজ করি, মনপ্রাণ উজাড় করেই করি। আমার জন্য অন্য কারোর কাজে ব্যাঘাত ঘটবে, এমন কাজ আমি করি না। সহজসরল পথে চলার চেষ্টা করি।
আমি খুবই আনন্দিত হই, যখন পরিবার কিংবা বন্ধুমহলের জন্য কিছু একটা করতে পারি। এর বাইরেও অপরিচিত কারোর কোনো উপকার করতে পারলে ভালো লাগে। মানুষের জন্য সব সময়ই আমি ভালো কিছু করার চেষ্টা করি এবং করে যেতে চাই।
গ্রন্থনা: শফিক আল মামুন