পাশের সাদা-কালো ছবিটি থিয়েটার আর্ট ইউনিটের কাল সকালে নাটকের। নাটকটির মূল গল্প আমজাদ হোসেনের আর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। নাটকটিতে দেখা যাচ্ছে চন্দন রেজার সঙ্গে যাত্রী, ইভা ও সাইফ সুমনকে। এখানে চন্দন রেজার চরিত্রে একজন গ্রাম্য হুজুর। ছবির দৃশ্যের কথা বলতে গিয়ে চন্দন রেজা বলেন, ‘দৃশ্যটিতে অমলা নামের একটি মেয়েকে আরবি শিক্ষা দিই। মেয়েটি মানসিকভাবে বেড়ে না উঠলেও শারীরিকভাবে বেড়ে ওঠে। মেয়েটিকে শিক্ষাদান করার সময় তার প্রতি হুজুরের কুনজর পড়ে।’চন্দন রেজা আরও বলেন, নাটকটিতে মেয়েটির সরলতার সুযোগ নিয়ে গ্রামের মোড়ল, ডাক্তার, হুজুর—সবাই তার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করতে চায়। মোট কথা, সামাজিক অবক্ষয়ের প্রতীক হিসেবে নাটকটি মঞ্চে উঠে আসে।নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের কথা বলতে গিয়ে চন্দন বলেন, ‘আমরা নাটকটি নিয়ে প্রায় দুই মাসেরও বেশি সময় মহড়া করেছি। ইস্কাটন গার্ডেন বালক বিদ্যালয়ে টানা মহড়া করেছি। সেই সময় সোলায়মান ভাই বেঁচে ছিলেন। মহড়ার সময় মহড়াকক্ষে একটা অন্য রকমের পরিবেশ বিরাজ করত। তিনি প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করে কাজ করতেন।’নাটকটি মঞ্চস্থ হয় ‘নাটক সরণি’র মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে। আপাতত নাটকটির প্রদর্শনী বন্ধ আছে।