'কালার নাটকটা খুব কালারফুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিন। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১’ প্রতিযোগিতায় হয়েছিলেন চ্যাম্পিয়ন। এর পর থেকে কাজ করছেন নাটকে। আজ এসএ টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক কালার। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান

হাসিন
হাসিন

অসুখ-বিসুখ...
জন্ডিস হয়েছিল। কিছুদিন অ্যাপোলো হাসপাতালে থাকতে হয়েছে। অনেক শুটিং বাতিল করতে হয়েছে। ফোন বন্ধ ছিল। ফোন চালু করেছি। সবাই খোঁজখবর নিচ্ছেন। এখন ভালো আছি। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ততটা প্রস্তুত নই। চিকিৎসক বলেছেন আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে।
অবসর আর কাজ, যেটা বেশি প্রিয়...
দুটোর মিশ্রণটাই ভালো লাগে। অনেক বেশি কাজ, আবার অনেক বেশি অবসর—দুটোই অপছন্দ করি। তবে কাজের ফাঁকে ফাঁকে অবসর উপভোগ করি।
ধারাবাহিক নাটক ‘কালার’...
বেশ ভালো বাজেটের নাটক। পরিচালক হিসেবে রায়হান খানও ভালো। আমার মনে হয় দর্শক চ্যানেল পরিবর্তন করতে করতে ঠিকই এই নাটকটা দেখে আটকে যান। কারণ, কালার নাটকটা খুব ‘কালারফুল’।
আমার জীবনে রং...
আমার জীবন অবশ্যই রঙিন। আনন্দ করার জন্য আমি কখনো পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, ঈদের মতো উপলক্ষের জন্য অপেক্ষা করি না। আজ পয়লা বসন্ত না তো কী হয়েছে? ইচ্ছা হলে আমি বসন্তের সাজে বাইরে বের হয়ে যাই।
বস্তিবাসী হাসিন...
অন্য রকম একটা নাটকের কাজ করেছি। নাম জুঁইফুল পুজারি ও গুটিকয় পিঁপড়া। নাটকে ফজলুর রহমান বাবু আমার স্বামী। আমরা বস্তিতে থাকি। স্বামী তার স্ত্রীকে খুব মারধর করে। বস্তিতে শুটিং করতে গিয়ে বেশ কষ্ট করে চরিত্রটা ফুটিয়ে তুলেছি, বাবু ভাইয়ের মারও খেয়েছি!
সংসারের খবর...
নাটকে অভিনয়ের ব্যাপারে আমার স্বামী আর শ্বশুর-শাশুড়ি খুব উৎসাহ দেন। ব্যাংক, স্কুল-কলেজে চাকরির মতো অভিনয়টাকেও তাঁরা পেশা হিসেবেই দেখেন। স্বামী মারুফুল ইসলাম আমার অভিনয়ের কড়া সমালোচক।
দৃষ্টি এখন...
ভালো বাজেট, ভালো চিত্রনাট্য আর পরিচালকের কাজ হলে এবার বড় পর্দায় নিজেকে দেখতে চাই।
মো. সাইফুল্লাহ