'কালারস ইন কুইল্ট' প্রদর্শনীর সময় বাড়ল

গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে ‘কালারস ইন কুইল্ট’ শিরোনামে প্রদর্শনী। প্রদর্শনীর সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। প্রথমে প্রদর্শনীটি শেষ হওয়ার কথা ছিল গতকাল ১৫ জানুয়ারি। কিন্তু দর্শকদের চাহিদা মাথায় রেখে আয়োজকেরা এর সময়সীমা বাড়ান।
আয়োজকদের একজন এ আর কে রিপন বলেন, দর্শকদের বেশি উপস্থিতির জন্য তাঁরা সময়সীমা বৃদ্ধি করেছেন।
গ্যালারি টোয়েন্টি ওয়ান ও আর্টকন যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। গত ৬ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ ফকরুল আলম, মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও শিল্পী শহীদ কবির।
শিল্পী জাহান আফরোজের এই প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে আঁকা মোট ১৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এটি সকলের জন্য উন্মুক্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দেখা যাবে।
শিল্পী জাহান আফরোজ পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। এখন বসবাস করছেন আমেরিকায়। সেখানেই তিনি শিল্পচর্চা করছেন।