'কালি ও কলম' নিয়ে প্রদর্শনী চলছে

চলতি বছর ফেব্রুয়ারিতে ১৫ বছরে পা রেখেছে বাংলা ভাষার অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’। দীর্ঘ এ পথচলায় এই পত্রিকায় প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকদের লেখার পাশাপাশি প্রকাশিত হয়েছে নবীন ও উদীয়মান লেখকদের লেখা। সাহিত্যের সঙ্গে সঙ্গে শিল্পের বিভিন্ন শাখার লেখাও ধারণ করে চলেছে ‘কালি ও কলম’। বিভিন্ন উপলক্ষে ‘কালি ও কলম’ প্রকাশ করেছে বিশেষ সংখ্যা, যা এ পত্রিকার মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
১৫ বছরের এ পথচলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর লালমাটিয়ায় ‘বেঙ্গল বই’ প্রাঙ্গণে শুরু হয়েছে ‘কালি ও কলম’-এর পুরোনো সংখ্যা নিয়ে প্রদর্শনী ও বিক্রয়ের বিশেষ আয়োজন। চার দিনের এই প্রদর্শনীতে ছোটগল্প, কবিতা, চিত্রকলা, রবীন্দ্র-সার্ধশতজন্মবার্ষিকী, জয়নুল আবেদিন সংখ্যাসহ সব বিশেষ সংখ্যার ওপর থাকছে ২০ শতাংশ ছাড়। এ ছাড়া ১০০ টাকায় পাওয়া যাবে তিনটি নিয়মিত সংখ্যা। ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য যা উন্মুক্ত থাকবে।