‘কালো জাদু’র চর্চা করতেন আমিশা প্যাটেল!
বিক্রম ভাট পরিচালিত ভৌতিক ছবি ‘রাজ ৩’ বলিউডে মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। ছবির কেন্দ্রীয় নারী চরিত্রটি গড়ে উঠেছে বিক্রমের সাবেক প্রেমিকা ও বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেলের ব্যক্তিজীবনের ছায়া অবলম্বনে। সম্প্রতি ছবিটির প্রযোজক মহেশ ভাট ফাঁস করেছেন আমিশা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, একটা সময়ে কালো জাদুর চর্চা করতেন আমিশা। এ প্রসঙ্গে মহেশ ভাটের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বলিউডে ডুবন্ত ক্যারিয়ার আবার চাঙা করতে একটা সময়ে ভয়ংকর সব কালো জাদুর চর্চা করতেন আমিশা প্যাটেল।‘রাজ ৩’ ছবিতে শানায়া চরিত্রে অভিনয় করেছেন বিপাশা বসু। পুরো ছবির কাহিনি আবর্তিত হয়েছে এই চরিত্রকে ঘিরে। ছবির কাহিনিতে দেখা যাবে, রুপালি জগতে খ্যাতির শীর্ষে ওঠা একজন অভিনেত্রী শানায়ার প্রেম হয় চিত্রনির্মাতা আদিত্যর (এমরান হাশমি) সঙ্গে। কিন্তু শানায়ার ক্যারিয়ারে ধস নামে নবাগত সানজানা (এশা গুপ্তা) চলচ্চিত্রজগতে পা রাখার পর। একটা সময়ে সানজানার কারণে শানায়াকে ছেড়ে যান আদিত্য। সব হারিয়ে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন শানায়া। তিনি সাবেক প্রেমিক আদিত্যকে ফিরে পেতে এবং সানজানাকে ধ্বংস করার অভিপ্রায়ে কালো জাদুর চর্চা শুরু করেন।