'কি সুন্দর এ ছবিগুলো!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটরা আঁকছে
ছোটরা আঁকছে

ছুটির সকালে ছিল প্রায় চার শ’ শিশুশিল্পীর সম্মিলন। পদ্মা বিভাগে প্লে-গ্রুপ থেকে প্রথম শ্রেণি, মেঘনা বিভাগে দ্বিতীয় থেকে চতুর্থ, যমুনা বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ছবি আঁকার বিষয়বস্তু ছিল উন্মুক্ত। ফলে গ্রামবাংলা আর যাপিত সময়ের নানা দৃশ্য এঁকেছে তাঁরা। ব্রহ্মপুত্র বিভাগটি অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের। তাঁদের বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ’। একটু বড় বলে নিজেদের স্বাধীনতা সংগ্রামকে তাঁরা কীভাবে উপলব্ধি করে তা ​বুঝে নেওয়া গিয়েছিল ক্যানভাসে। তাঁরা এঁকেছে স্বাধিকার আন্দোলন, গেরিলা যুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

মনের মতো গ্রামের ছবি
মনের মতো গ্রামের ছবি

আজ শুক্রবার সকালে শিশুদের নিয়ে চমৎকার এ আয়োজনটি ছিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। ঐতিহ্যবাহী শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের এ আয়োজনে প্রধান অতিথি হয়ে​ এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল ফারাহ্।

শিশুদের মনের বিচিত্র ভাবনা সাদা কাগজে
শিশুদের মনের বিচিত্র ভাবনা সাদা কাগজে

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন শিশুদের অঙ্কন প্রতিভায় নিজের মুগ্ধতার কথা। বললেন, ‘শিশুরা মনের মতো করে গ্রাম আঁকছে, রং তুলিতে তুলে আনছে ভাষা আন্দোলনসহ আমাদের সব প্রতিবাদের কথা। কি সুন্দর এ ছবিগুলো! আজকের এ শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এরাই হবে আমাদের কান্ডারি।’ সমরজিৎ​ রায়চৌধুরী বলেন, ‘অঙ্কনের জন্য কোনো বিষয়বস্তু ঠিক করে দেওয়া ঠিক না। তারা আঁকবে তাদের ভাবনা মতো। তবেই না সেই ছবিটি গ্রহণযোগ্য হবে।’