'কিং'-এর সঙ্গে 'কুইন'?

বলিউডের কিং খান শাহরুখ—এ তো আর নতুন খবর নয়। অন্যদিকে টিনসেল টাউনে কঙ্গনা এরই মধ্যে জিতে নিয়েছেন ‘কুইন’-এর তকমাটি। যখন থেকে ‘কুইন’ ছবির জন্য কঙ্গনা জিতেছেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার, তখন থেকেই ছড়িয়ে পড়ে বলিউডের ‘কুইন’ হিসেবে কঙ্গনার খ্যাতি। এবার খবর শোনা যাচ্ছে বলিউডের এই ‘কিং’ ও ‘কুইন’ এক হচ্ছেন বড় পর্দায়। ব্যাটে-বলে মিলে গেলেই নাকি একই ছবিতে দেখা যাবে তাঁদের।
গুজবের পালে হাওয়া লেগেছে শাহরুখ খান আর কঙ্গনা রনৌতের মুখের বয়ান থেকেই। এ দুজনই নাকি ইদানীং অক্লান্তভাবে একে অপরের প্রশংসা করে যাচ্ছেন। সম্প্রতি কঙ্গনাকে বলতে শোনা গেছে, শাহরুখ নাকি তাঁর অভিনয়জীবনের অনুপ্রেরণা। ‘কুইন’খ্যাত এই তারকা বলেন, ‘শাহরুখের মতো আমিও একেবারে বলিউড-বহির্ভুত একটি পরিবার থেকে এসেছি। তাঁর জীবনসংগ্রামের গল্পগুলো শুনে প্রতিনিয়তই অনুপ্রাণিত হয়েছি আমি। অনেক কঠিন সময়ে আমি শাহরুখকে দেখে নিজের পথ নির্ধারন করেছি। তাই বলতে দ্বিধা নেই যে, আমার পথ দিশারী শাহরুখ খান।’
শাহরুখও কঙ্গনার প্রশংসা করতে কার্পণ্য করেননি। তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘কুইন’ ছবিটি দেখার পর আমার সাম্প্রতিক সময়ের আর কোনো ছবিই ভালো লাগেনি। ছবির গল্প অসাধারণ ছিল। পরিচালকও ছিলেন দারুণ মেধাবী। ছবিতে নারী শক্তিকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নারী অধিকারের রব তুলে তা দর্শকদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। কিন্তু এসব কিছুকেই কিন্তু ছাপিয়ে গেছেন কঙ্গনা। যেমন তাঁর সৌন্দর্য, তেমনই অভিনয়। আমি মুগ্ধ।’
এতো প্রশংসা একে অপরের করছেন, তাহলে একসঙ্গে ছবি কেন নয়? তাই তো ‘রানঝ্না’, ‘তনু ওয়েডস মনু’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ খ্যাত পরিচালক আনন্দ এল রাই এ সুযোগটিকে কাজে লাগালেন। তাঁর নতুন ছবির প্রস্তাব পাঠিয়ে দিলেন দুজনের কাছেই। এবার দেখা যাক, ‘কিং’ আর ‘কুইন’-এর এক সঙ্গে কাজ করার সুযোগ হয় কিনা। বলিউড লাইফ।