'কিক' ছবিতে চুমুর দৃশ্যে সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বাস্তবজীবনে বহুবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে ‘বিগহার্ট লাভারবয়’ তকমা পেয়েছেন বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খান। তবে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে বরাবরই আবেগঘন দৃশ্যে অভিনয় করা থেকে দূরে থাকতে গেছে খান সাহেবকে। এবার সম্ভবত তাঁর সেই সুনাম ক্ষুণ্ন হতে চলেছে। শোনা যাচ্ছে, মুক্তি প্রতীক্ষিত ‘কিক’ ছবিতে সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন এই ‘দাবাং’ তারকা।
এ প্রসঙ্গে ‘কিক’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও পরিচালিত ‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটিতে সহ-অভিনেত্রীর সঙ্গে আবেগঘন চুমুর দৃশ্যে দেখা যাবে সালমানকে।
সূত্রটি আরও জানিয়েছে, বড় পর্দায় সচরাচর এ ধরনের দৃশ্যে অভিনয় করেন না সালমান খান। অবশ্য ‘কিক’ ছবিতে সত্যিই চুমুর দৃশ্য রাখা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ছবির নির্মাতারা।
প্রসঙ্গত, ‘কিক’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার খাতায় নাম লিখিয়েছেন ‘মুঝছে শাদি কারোগে’, ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাইওয়ে’, ‘হিরোপান্তি’সহ বহু ব্যবসাসফল ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি পোল্যান্ড, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘কিক’ ছবির শুটিং করা হয়েছে। ছবিটির ভিজুয়াল ইফেক্টসের জন্য আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের অভিজ্ঞতা আছে এমন একটি দলও ভাড়া করেন সাজিদ।
পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মিঠুন চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অর্চনা পূরণ সিং প্রমুখ। এ ছাড়া ছবির ‘ডেভিল-ইয়ার না মিলে’ আইটেম গানে অংশ নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি।

‘কিক’ ছবির সংগীত পরিচালনা করেছেন ইয়ো ইয়ো হানি সিং, হিমেশ রেশমিয়া ও সংগীত পরিচালকত্রয়ী মিট ব্রস অঞ্জন। ছবির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। এ ছাড়া মিট ব্রস অঞ্জনের সংগীত পরিচালনায় ‘হ্যাংওভার’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান খান। ছবির ‘তু হি তু’ গানেও কণ্ঠ দিয়েছেন সালমান। এ ছাড়া ছবির ‘জুম্মে কি রাত’ গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিং ও পলক মুছাল।