'কিছু আশা কিছু ভালোবাসা' এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে শাবনূর, ফেরদৌস ও মৌসুমী
কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে শাবনূর, ফেরদৌস ও মৌসুমী

শাবনূর ও মৌসুমী অভিনীত ছবি সর্বশেষ মুক্তি পেয়েছিল বছর ছয়েক আগে। আবুল কালাম আজাদ পরিচালিত ছবিটির নাম বেয়াইন সাব। ছয় বছর পর আবারও তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের এবারের ছবির নাম কিছু আশা কিছু ভালোবাসা। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, ‘শুরুতে কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। পরে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করেছি। এবার রোজার ঈদে মুক্তি পাওয়া সব কটি ছবিই ভালো ব্যবসা করেছে। আরেকটি ব্যাপার লক্ষ করছি, দর্শক ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসছেন। তাই আমরা ২০ সেপ্টেম্বর কিছু আশা কিছু ভালোবাসা ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, শাবনূর ও মৌসুমী একসঙ্গে আরও দুটি ছবিতে অভিনয় করেন। ছবিগুলো হলো এফ আই মানিকের দুই বধূ এক স্বামী ও সালাহউদ্দিন লাভলুর মোল্লাবাড়ির বউ। কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস। জানা গেছে, দুই নারীর ভালোবাসা আর পাওয়া না-পাওয়ার দ্বন্দ্ব নিয়ে কিছু আশা কিছু ভালোবাসা ছবির কাহিনি গড়ে উঠেছে।