আজাদ আবুল কালাম। আপাদমস্তক নাটকের মানুষ। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়সহ নাটকের প্রায় সব শাখার সঙ্গেই যুক্ত ওতপ্রোতভাবে। আজ মাছরাঙা টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক মুম্বাসা।মঞ্চের পেছনে-সামনে, যে জায়গাটায় নিজেকে বেশি সফল মনে করি...নিজেকে সফল মনে করি না। এখনো শিখছি।টেলিভিশনে অভিনীত প্রথম নাটক ‘বিশ্বাস’ (১৯৯৫) আমাকে যে বিশ্বাস দিয়েছিল...অর্থনৈতিক বিশ্বাস দিয়েছিল। অভিনয় করে যে টাকা উপার্জন করা যায়, সেই বিশ্বাসটা দিয়েছিল। আর প্রথম দিকে টেলিভিশনে অভিনয়ে ব্যাপারে উন্নাসিক ছিলাম। ওই নাটকটির পরে বুঝেছিলাম, এই কাজটিও করে দেখতে পারি।অভিনয়, নির্দেশনা ও চিত্রনাট্য লেখা—যেটাকে বেশি অগ্রাধিকার দিই...যখন যেটা করি, তখন সেটাকেই অগ্রাধিকার দিই। নিজের যোগ্যতা অনুযায়ী সেরাটুকু দেওয়ার চেষ্টা করি।নিঃসঙ্গ বোধ করি...রাজনৈতিক অস্থিরতা দেখলে, প্রতিক্রিয়াশীল মানুষের সংখ্যা বাড়তে দেখলে। তবে কিছু কিছু সময় নিঃসঙ্গতা উপভোগ করি।দর্শক হিসেবে যেমন নাটক দেখতে চাই...নাটকে যেন ধারাবাহিকতা থাকে। মধ্যবিত্ত সমাজের মনন তৈরি হয়, এমন নাটক দেখতে চাই।প্রাচ্যনাট ১৫ বছর উদ্যাপন করল, এই পথচলায় আমাদের অর্জন...এটাকে একটা অধ্যায় হিসেবে দেখছি। যে নাটকগুলো করেছি আমরা, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছি; আমাদের সামর্থ্য ও প্রজ্ঞা দিয়ে বোঝার চেষ্টা করেছি।আমার অভিনীত প্রিয় নাটক...মঞ্চে জয়জয়ন্তী নাটকটি, আর টেলিভিশনের মামুলী একটা মানুষ।মাহফুজ রহমান