‘কিবরিয়া-আমিনুল চিত্রশিল্পকে বিশ্বমানে পৌঁছে দিয়েছেন’
বাংলাদেশের চিত্রশিল্পকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলাম বিশেষ অবদান রেখেছেন। শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও তাঁরা দুজন ছিলেন বড় মাপের। শিক্ষক হিসেবেও ছিলেন সফল। দেশের অনেক শিল্পীর অন্যতম অনুপ্রেরণা ছিলেন তাঁরা দুজন।বাংলাদেশের শিল্প আন্দোলনের দুই আলোকপ্রাণ শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলামের প্রয়াণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানের শুরুতে ওই দুজন শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে সবাই এক মিনিট নীরবতা পালন করেন।শিল্পী হাশেম খান বলেন, ‘মোহাম্মদ কিবরিয়া এবং আমিনুল ইসলাম—আমি দুজনেরই ছাত্র ছিলাম। তাঁদের দুজনের কাছেই আমি এমন কিছু পেয়েছি, যা আমাকে বাকি জীবন ছবি আঁকার অনুপ্রেরণা জোগাবে।’শিল্পী রফিকুন নবী বলেন, ‘শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলাম—বাংলাদেশের শিল্পকলা জগতের শ্রেষ্ঠতম দুই পুরুষ। তাঁরা প্রকৃতই আমাদের চিত্রকলার ক্ষেত্রে অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন।’শিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘ছাত্রদের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাঁদের দুজনের সঙ্গেই দেশ-বিদেশের বহু চিত্রকর্ম নিয়ে আমি কথা বলেছি। চিত্রকর্ম নিয়ে পারস্পরিক মতবিনিময়ের মধ্যে যে অন্যরকম এক আনন্দ আছে, এ দুজনের সান্নিধ্য না পেলে আমি তা কখনোই বুঝতাম না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্পী হামিদুজ্জামান খান, বীরেন সোম, মনিরুজ্জামান, নাসিম আহমেদ, অভিনেতা এস এম মহসিন, কবি রবীন্দ্র গোপ প্রমুখ।