
দিতি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। এখন ব্যস্ত টেলিভিশন নাটকে। আজ একুশে টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক মেঘের খেয়া।
আমার অভিনীত প্রিয় ছবি...
প্রিয় নয়—এমন কোনো ছবিতে অভিনয় করিনি। অনেক ছবির মধ্যে হীরামতি, দুই জীবন, প্রেমের প্রতিদান, চরম আঘাত ও প্রিয় শত্রু বেশি প্রিয়।
বাংলাদেশের চলচ্চিত্রের এখনকার অবস্থা সম্পর্কে মূল্যায়ন...
সবকিছুই তো পাল্টে গেছে। সময়, পারিপার্শ্বিকতা, দর্শকের ভালো লাগা—এসবের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের মান ও গুণে পরিবর্তন এসেছে। আমাদের সময়ের অভিনয়শিল্পীদের কাছে জিজ্ঞেস করলে তো আমাদের সময় ও তার আগের সময়টাকেই বেশি ভালো বলব। তবে প্রযুক্তিগত দিক থেকে এখনকার ছবিগুলো অনেক সমৃদ্ধ।
জীবনের যে সময়টা বেশি মিস করি...
ফেলে আসা দিন তো সবাই মিস করে। কিশোর বয়স, বিশেষ করে নবম-দশম শ্রেণীতের পড়ার সময়টা বেশি মিস করি। সবকিছুই ভালো লাগত তখন। এ ছাড়া অভিনয় শুরুর পর নব্বইয়ের দশকের শুরুর দিকটাও মিস করি।
যখন ক্লান্ত লাগে...
মনে হয় জীবনটা এত কষ্টের কেন! কিন্তু পরক্ষণেই অসহায় মানুষের কথা চিন্তা করে ভাবি, এই তো বেশ আছি! সব সময়ই নিজেকে অন্য আর দশজনের সঙ্গে তুলনা করি। এ কারণেই জীবনের অনেক কঠিন সময় ভালোভাবে পেরিয়ে আসতে পেরেছি।
আমার সন্তানেরা...
মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী থাকে কানাডায়। মেয়ে গ্র্যাজুয়েশন শেষ করল আর ছেলে বিবিএ পড়ছে। বছরে দু-তিনবার ওদের কাছে যাই। ওরাও আসে। সব সময় ওদের খুব মিস করি।
সন্তানেরা আমার হাতের যে রান্নার প্রশংসা করে...
আমার ছেলে পছন্দ করে ইংলিশ ডিশ। আর মেয়ে দেশি খাবারের ভক্ত। তবে ওরা মূলত আমার হাতের রিচ ফুডগুলোই বেশি পছন্দ করে।
বৃষ্টি দেখে ইচ্ছা করে...
ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। আমরা থাকতাম সোনারগাঁয়ে। ঝড়-বৃষ্টি এলেই আম কুড়াতে যেতাম। পাড়া-প্রতিবেশীদের গাছ থেকে ঢিল দিয়ে আম পাড়তাম। বৈঠকখানার সব কটি জানালা খুলে দিয়ে বসে থাকতাম সাত ভাইবোন। বাদাম, শিমের বিচি ও তিল ভাজা এনে দিতেন মা। দারুণ সময় ছিল!
এখন যা করছি...
একুশে টিভির মেঘের খেয়া নাটকটি তো আছেই, এশিয়ান টিভিতে যাচ্ছে জীবন সংসার। চ্যানেল আইয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এ ছাড়া মাঝেমধ্যে ছবিতে অভিনয় করছি।
l মাহফুজরহমান