সূর্য পুরোপুরি পশ্চিমে, কিন্তু বিদায় নেয়নি তখনো। অবিরাম হরেক রকমের পাখির কিচিরমিচির কানে আসছিল। তখন সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ গাছগুলোর ডালে তাদের ফেরার পালা। সব আওয়াজ ছাপিয়ে শুরু হলো দুই বাংলার বাউলদের সমবেত পরিবেশনা। গানের সুর ধরে এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেকেই আসতে থাকেন সেখানে। পাখির কিচিরমিচির মিলিয়ে গেল গানের আওয়াজে।
ফকির লালন সাঁইজির ১২৫তম তিরোভাব বার্ষিকী স্মরণে তিন দিন আগে গত শুক্রবার এখানে শুরু হয়েছিল প্রথম ‘নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মিলনী’। সোহরাওয়ার্দী উদ্যানের শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রমের আঙিনায়। ‘দেখ দেখ মনুরায়/ হয়েছে উদয়/ কী আনন্দময় সাধুর সাধবাজারে’ স্লোগান নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিন দিন চলে লালনের গান, লালন দর্শন নিয়ে আলোচনা, দুই বাংলার বাউলদের অভিজ্ঞতা বিনিময়। গতকাল রোববার গান পরিবেশন আর প্রবীণ বাউলদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
সূর্য ডোবার আগে উৎসবস্থলে তেমন লোকসমাগম দেখা যায়নি। তবে ভেতরে শামিয়ানা ও সাদা কাপড়ে মোড়ানো সাধুসঙ্গস্থলে ছিল অন্য রকম চিত্র। ছোট ছোট দলে ভাগ হয়ে দুই বাংলার বাউলেরা মজে ছিলেন আসরে।
একতারা, দোতারা, ডুগডুগি, খোল, খঞ্জনি, তবলা, হারমোনিয়াম আর বাউলদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় নাচছেন তাঁরা আর ভাব ঘোরে ভাসছেন নাগরিক শ্রোতারা। সন্ধ্যায় মঞ্চে আয়োজন শুরু হলে সবাই হাজির হন সেখানে।
বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত হতে পারেননি। লালন বিশ্ব সংঘের নির্বাহী পরিচালক আবদেল মাননান স্বাগত জানিয়ে শুরু করেন অনুষ্ঠান। তিনি রাষ্ট্রীয় প্রভাব থেকে দূরে রেখে লালনকে তাঁর প্রকৃত অনুসারীদের মতো রাখার আহ্বান জানান।
সন্ধ্যা হতেই ভিড় বাড়ছিল ভক্ত-অনুরাগীর। শুরুতে একটি সমবেত পরিবেশনার পর চলতে থাকে একক পরিবেশনা। চুয়াডাঙ্গার ফকির আবুল হোসেন গাইলেন ‘আশার সিন্ধু তীরে বসে আছি হে সদয়’, ‘বিনা বীজের আজগুবি গাছ চাঁদ ধরেছে তাই’ গান দুটি। জহুরা বাউল শোনান ‘পার করো দয়াল’, হারুন ফকির শোনান ‘দাসের পানে একবার চাও হে দয়াময়’। তারাচাঁদ শাহ গেয়ে শোনান ‘এমন সৌভাগ্য আমার কবে হবে’ ও ‘মনের নেংটি এঁটে কর ফকিরি’। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বীরেন দাস বাউল গেয়ে শোনান ‘রাসুল রাসুল বলে ডাকি’ গানটি। মুর্শিদাবাদের আরেক বাউল সোমেন বিশ্বাস পরিবেশন করেন ‘দেখেশুনে আমার জ্ঞান হলো না’।
মধ্যরাত পর্যন্ত লালনের ভাবসংগীতের আস্বাদন চলে।