'কৃশ থ্রি'র মুক্তি এগোল!

‘কৃশ থ্রি’ ছবির ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কথা ছিল ৪ নভেম্বর মুক্তি পাবে ‘কৃশ থ্রি’। কিন্তু মুক্তির তারিখটা এগিয়ে আনা হয়েছে। ছবির মুক্তির তারিখটি এগিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন রাকেশ রোশন। মুক্তির আগেই নানাভাবে আলোচিত রাকেশ রোশনের নতুন চলচ্চিত্র ‘কৃশ থ্রি’। ছবির পোস্টার ডিজাইন, ইউটিউবে ‘কৃশ থ্রি’ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইন—সবদিক থেকেই ‘কৃশ থ্রি’ বেশ আলোচিত। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
এ প্রসঙ্গে রাকেশ রোশন জানান, ‘ছবির পরিবেশক ও প্রদর্শকরাই “কৃশ থ্রি” মুক্তির তারিখটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন আর আমি তাঁদের সমর্থন জানিয়েছি। আর তাই এখন “কৃশ থ্রি” মুক্তির নতুন তারিখ ১ নভেম্বর।’
রাকেশ রোশন আরও বলেন, ‘আগামী ৩ নভেম্বর দিওয়ালি উত্সব। আর দিওয়ালি উত্সবের আগের মুহূর্তটা ছবির মুক্তির জন্য বেশ উপযুক্ত সময়ও।’
অনেকেই ধারণা করছেন, আগে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর রেকর্ড ছাড়িয়ে যাবে হৃতিক রোশনের ‘কৃশ থ্রি’। ছবির অত্যাধুনিক স্পেশাল ইফেক্টের কাজ করা হয়েছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ থেকে। ছবির ‘দিল হ্যায় বাতা’ গানটিতে হৃতিক-কঙ্গনার অন্য রকম উপস্থিতি দর্শকদের মুগ্ধও করেছে।
গত ৫ আগস্ট ‘কৃশ থ্রি’ ছবির প্রথম ট্রেইলার প্রদর্শিত হয়। প্রথম ৪৮ ঘণ্টায় ৪০ লাখ এবং মাত্র ১০ দিনেই ১২ মিলিয়নের বেশি মানুষ ‘কৃশ থ্রি’র ট্রেইলার দেখেছেন। এর আগে সর্বোচ্চ রেকর্ডটি ছিল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জারস টু’ ছবিটির। এর ট্রেইলারটি ১০ দিনে দেখেছিলেন প্রায় ছয় মিলিয়ন লোক।
‘কৃশ থ্রি’ ছবির ট্রেইলার প্রদর্শনীর অভূতপূর্ব সাড়া প্রসঙ্গে ছবিটির পরিচালনা ও প্রযোজক রাকেশ রোশন বলেছিলেন, ‘এ রকম সাড়া পেয়ে আমি অভিভূত। সুপার ব্র্যান্ড কৃশের কারণেই এটি সম্ভব হয়েছে। সাত বছর পরে তাঁরা আবারও কৃশ দেখতে পাবেন। আমি ভেবেছি দর্শকেরা এটা ভুলে গেছেন। কিন্তু তাঁরা আবার দেখতে চান! এটি নতুন করে বানানো ছিল অনেক কঠিন। এটা করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি।’
ধারণা করা হচ্ছে, ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কৃশ থ্রি’ সব মিলিয়ে ৫০০ কোটি ঘরে তুলবে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তা সময়ই বলে দেবে।
এদিকে ‘কৃশ থ্রি’ ছবির ফার্স্ট লুক আনতে ফেসবুককে বেছে নিয়েছিলেন হৃতিক রোশন। ২৭ জুন ফেসবুকে নিজের ছবি ‘কৃশ থ্রি’র প্রথম পোস্টার প্রকাশ করেন হূতিক।
ফেসবুকে পোস্টার প্রকাশ প্রসঙ্গে হৃতিক বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে দর্শকদের মতামত সঙ্গে সঙ্গে জানা যায়। এ মিডিয়া কাজকে সরাসরি ভক্তদের কাছে পৌঁছে দেয়।’
‘কৃশ থ্রি’ ছবির ডিজিটাল ক্যাম্পেইনের দায়িত্বে রয়েছে হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ২০১১ সালে ‘কৃশ থ্রি’ ছবির শুটিং শুরু হয়। অভিনয়ের পাশাপাশি ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন হৃতিক রোশন। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয়।
উল্লেখ্য, ২০০৩ সালে নির্মিত ‘কয়ি মিল গ্যায়া’ ছবির তৃতীয় সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কৃশ থ্রি’।