'কৃশ ৩' -এ গাইলেন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

কৃশ ৩’ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, ছবির একটি রোমান্টিক গানেও কণ্ঠ দিয়েছেন বলিউডের এ তারকা অভিনেত্রী। তাঁর কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির সংগীতপরিচালক রাজেশ রোশন।
এর আগে শাহরুখ খান, আমির খান, সালমান খান, জুহি চাওলাসহ বেশ কয়েকজন বলিউড তারকা ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এবার তাঁদের পথে হাঁটলেন কঙ্গনা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
‘কৃশ ৩’ ছবিতে কঙ্গনার গানের প্রশংসা করে রাজেশ রোশন বলেন, ‘কঙ্গনা একজন জাতশিল্পী। প্রতিভা নিয়েই তিনি জন্মেছেন। তাঁর প্রশংসা না করে পারছি না। ছবির রোমান্টিক একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গানটি বেশ কঠিন। এমন কঠিন একটি গান কণ্ঠে তুলে নির্ভুলভাবে গাওয়া মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু কঙ্গনা তা করে দেখিয়েছেন। এটা বিশাল ব্যাপার।’
‘কৃশ ৩’ ছবির সব কটি গানের সংগীতপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছবির পরিচালক রাকেশ রোশনের ভাই রাজেশ রোশন। ছবির গানগুলো সম্পর্কে রাজেশের ভাষ্য, ‘ছবির একেকটি গান তৈরির পেছনে প্রায় এক মাস সময় নেওয়া হয়েছে। আর রেকর্ডিং করতে লেগেছে আরও পাঁচ-ছয় দিন। ছবির গানগুলোর কথা লিখেছেন সমীর। ছবিতে একটি আইটেম গানও রাখা হয়েছে। কিন্তু গানটির কথায় কোনো বাজে শব্দ ব্যবহার করা হয়নি। রাকেশের নির্দেশেই এমনটা করা হয়েছে।’

‘কৃশ ৩’ ছবিতে এমন রূপেই দেখা যাবে কঙ্গনাকে
‘কৃশ ৩’ ছবিতে এমন রূপেই দেখা যাবে কঙ্গনাকে

‘কৃশ ৩’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন হূতিক রোশন। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, বিবেক ওবেরয়, কঙ্গনা রানাউত প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন রেখা। সুপারহিরো-নির্ভর সায়েন্স ফিকশন ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।
সুপারহিরো-নির্ভর হলিউডের ছবির সঙ্গে ‘কৃশ ৩’ প্রতিযোগিতা করবে বলেই মনে করছেন হূতিক রোশন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমরা হলিউডের “দ্য অ্যাভেঞ্জারস”, “আয়রন ম্যান’ কিংবা “সুপারম্যান” ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি। এগুলো সুপারহিরো-নির্ভর ছবিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।’
হৃতিক আরও বলেন, ‘হলিউডের এসব ছবির সঙ্গে পাল্লা দেওয়ার সময় এসে গেছে। আমাদেরও এমন ছবি বানাতে হবে এবং প্রতিযোগিতায় নামতে হবে। আমরাও যে আন্তর্জাতিক মানের ছবি বানাতে পারি, তা সবাইকে দেখিয়ে দিতে হবে।’