‘কে হতে চায় কোটিপতি’ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু'
রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’-এর আদলে নির্মিতব্য ‘কে হতে চায় কোটিপতি’র সম্প্রচার শুরু উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিকে ঘিরে এটি তৃতীয়বারের মতো সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সঞ্চালককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জানানো হয় অনুষ্ঠানের নানা তথ্য।আজ সোমবার দুপুরে রূপসী বাংলার (হোটেল শেরাটন) উইন্টার গার্ডেনে সংবাদ সম্মেলনের শুরুতেই দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, এই প্রতিযোগিতায় ভাগ্য পরীক্ষার কোনো সুযোগ নেই। যারা সত্যিকার অর্থেই মেধাবী, তারা এ অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো করার সুযোগ পাবেন।আসাদুজ্জামান নূর এ ধরনের অনুষ্ঠানে যুক্ত হওয়ায় মুঠোফোন প্রতিষ্ঠান রবি’কে ধন্যবাদ জানান। রবি ছাড়াও ডেলটা বে এবং রেড ডটকে ধন্যবাদ জানান তিনি।এরপর রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত্কুমার বসু তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে এ ধরনের অনুষ্ঠান একেবারে নতুন। আমি মনে করি, এ ধরনের মেধাভিত্তিক তথ্য ও বিনোদনমূলক টিভি রিয়েলিটি শোর মাধ্যমে মেধাবীদের মূল্যায়ন করতে পারব বলে আমরা মনে করছি।’বিদ্যুত্কুমার বসুর বক্তব্যের পরই চরম এক নাটকীয়তার মধ্য দিয়ে ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালক আনিসুল হককে উপস্থিত সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। আনিসুল হক বলেন, ‘বাংলাদেশেও এ ধরনের অনুষ্ঠান বেশ জনপ্রিয় হবে বলে আমরা মনে করছি। এ জন্য অবশ্য আমরা সবার আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা চাই। এ ধরনের অনুষ্ঠানে আসলে কেউই হারেন না। সবাই কোনো না কোনোভাবে জিতে থাকেন।’আনিসুল হক তাঁর বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজনকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আদলে প্রশ্ন জিজ্ঞাসা করে তাঁকে পুরস্কৃত করেন।জানা গেছে, প্রাথমিকভাবে অনুষ্ঠানে শুধু রবির গ্রাহকেরাই অংশ নিতে পারবে। আগ্রহী প্রতিযোগীদের জন্য কাল মঙ্গলবার থেকে আগামী সাত দিন দেশ টিভিতে সাতটি প্রশ্ন প্রচার করা হবে। এসব প্রশ্নের সঠিক উত্তরদাতাদের নিয়ে প্রাথমিক বাছাইয়ের পর দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে প্রথম পর্যায়ের প্রতিযোগিতা হবে। সেখান থেকে বিজয়ীদের নিয়ে আগামী জুন মাসের মাঝামাঝি দেশ টিভিতে শুরু হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের বাকি সব নিয়মকানুন ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’ অনুষ্ঠানের আদলে। অনুষ্ঠানের মূল আসরে ১৫টি প্রশ্ন থাকবে।