‘কে হতে চায় কোটিপতি’তে আসছেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে শিগগিরই শুরু হচ্ছে রিয়েলিটি শো রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’। আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে থাকছে চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে সাতটি ‘সেলেব্রিটি শো’। অনুষ্ঠানে হটসিটে বসবেন তারকারা। মুখোমুখি হবেন সঞ্চালক আসাদুজ্জামান নূরের। প্রতিযোগিতা থেকে এই তারকারা যে পরিমাণ অর্থ জিতবেন, তা দেওয়া হবে কোনো দাতব্য প্রতিষ্ঠানকে। কোন তারকারা বসবেন হটসিটে? সম্প্রতি এক সাক্ষাৎকারে আসাদুজ্জামান নূর জানান, এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম নির্বাচন করা হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ ও সময় পাওয়া সাপেক্ষে শিগগিরই তারকাদের নাম চূড়ান্ত করা হবে। এদিকে একটি সূত্র জানিয়েছে, হটসিটের জন্য প্রাথমিকভাবে যাঁদের কথা ভাবা হয়েছে, তাঁদের মধ্যে আছেন ববিতা, আলমগীর, আফজাল হোসেন, শাকিব খান, অপু বিশ্বাস, জয়া আহসান, মাশরাফি বিন মুর্তজা।জানা গেছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যাপারে প্রস্তুতি চলছে।