‘কে হতে চায় কোটিপতি’র অডিশন শুরু কাল
কাল সোমবার থেকে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’র অডিশন রাউন্ডের প্রথম পর্ব। জ্ঞান-বুদ্ধির পরিচায়ক এই টিভি শোর জন্য রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় অডিশন রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে ১২০ জনকে। জুলাই মাসে একই ধরনের আরও দুটি পর্বে উত্তীর্ণ ২০৪ জন মেধাবীকে নিয়ে বসা হবে ‘কে হতে চায় কোটিপতি’র হট সিটে। দেশ টিভি সূত্রে জানা গেছে, অডিশনের কার্যক্রম শেষে আগামী ২৬ জুন থেকে শুরু হবে ‘কে হতে চায় কোটিপতি’র প্রচার।৯ মে ‘কে হতে চায় কোটিপতি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় নিবন্ধিত হয় অসংখ্য প্রতিযোগী। সঠিক উত্তরদাতার মধ্যে থেকে কম্পিউটারের রেন্ডোমাইজার ২০ হাজার প্রতিযোগীকে নির্বাচন করে। তারপর ১৫ মে থেকে এসব প্রতিযোগীকে মুখোমুখি করা হয় ফোন কলের। এ রাউন্ডে প্রশ্নোত্তরের মাধ্যমে বের করে আনা হয়েছে এক হাজার ২০০ জনকে। এই প্রতিযোগীদের নিয়ে কাল ২৩ মে শুরু হতে যাচ্ছে অডিশন রাউন্ড। পাঁচটি বিভাগীয় শহর থেকে নির্বাচিত করা হবে ১২০ জন প্রতিযোগীকে।২৩ মে রাজশাহী ও সিলেট, ২৫ মে খুলনা ও চট্টগ্রাম আর ২৭ মে ঢাকায় হবে অডিশন। ১৫ ও ২৯ জুলাই হবে অডিশন রাউন্ডের দ্বিতীয় ও তৃতীয় পর্ব।তিন দফা বাছাই কার্যক্রম থেকে বের করে আনা হবে ‘কে হতে চায় কোটিপতি’র মূল আয়োজন হট সিটের ২০৪ জন মেধাবীকে। ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছেন এফবিসিসিআইয়ের আনিসুল হক।ডেল্টা বের প্রযোজনায় অনুষ্ঠানটি নির্মাণ করছে রেড ডট, আর পৃষ্ঠপোষকতায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।