‘কে হতে চায় কোটিপতি’র নতুন সঞ্চালক আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালক বদলে গেলেন। কিছুদিন আগেও দেশ টিভির এই অনুষ্ঠানটির সঞ্চালকের আসনে থাকার কথা ছিল ব্যবসায়ী ও উপস্থাপক আনিসুল হকের। প্রথম দফার যোগদানকারী নির্বাচনে টেলিভিশনের কুইজগুলো তিনিই উপস্থাপন করেছিলেন। তবে চোখের অসুস্থতার কারণে সঞ্চালকের কাজটি তিনি আর করতে পারছেন না। তাই ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠান সঞ্চালনার নতুন দায়িত্বভার নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর।আনিসুল হক বলেন, ‘কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানটি পুরোপুরি কম্পিউটারভিত্তিক গেম শো। অনুষ্ঠানের প্রস্তুতি কাজের সময় আমি চোখের সমস্যাটি বুঝতে পারি। চিকিৎসকেরা জানিয়েছেন, চোখে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য আগামী ছয় থেকে আট সপ্তাহ চোখের বিশ্রাম দরকার। কিন্তু আগামী তিন মাস এ অনুষ্ঠানের টানা রেকর্ডিং চলবে। তাই অনুষ্ঠানটির সঞ্চালনার কাজ থেকে আমাকে সরে যেতে হচ্ছে।’আজ বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে (পূর্বের শেরাটন হোটেল) আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল হক ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের নতুন সঞ্চালকের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন।আনিসুল হক আরও বলেন, ‘অনুষ্ঠানটির প্রস্তুতিপর্বে আমি দীর্ঘদিন বেশ পরিশ্রম করেছি। কিন্তু চোখের সমস্যার কারণে আমি আর এতে থাকতে পারছি না। অনুষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করছি এবং যদি আমার চোখের সমস্যা কেটে যায়, তাহলে পরের বছরে আবার অংশ নেওয়ার আশা রাখছি।’নতুন করে সঞ্চালকের দায়িত্ব নিয়ে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা একদিকে আনন্দিত, অন্যদিকে বেদনাহত। আমরা চেয়েছিলাম, আনিসুল হকই অনুষ্ঠানটি উপস্থাপনা করুন। তাঁর চোখের সমস্যার কারণে এখন সঞ্চালকের গুরু দায়িত্বটি আমাকেই নিতে হচ্ছে। আশা করছি, মেধা, শ্রম, আন্তরিকতা আর সাহসিকতার মধ্য দিয়ে আমরা সফল হতে পারব।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রবি’র প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু ও ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে প্রাথমিক বাছাইয়ের পর এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। খুব শিগগিরই দেশ টিভিতে প্রচার শুরু হবে ‘কে হতে চায় কোটিপতি’।‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’ অনুষ্ঠানের আদলে ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে রবি, দেশ টিভি, রেড ডট এবং ডেলটা বে।