‘কে হতে চায় কোটিপতি’র পর ‘পাওয়ার অব টেন’
বিশ্বখ্যাত রিয়েলিটি গেম শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার-এর পর এবার বাংলাদেশে আসছে আরও একটি সাড়া জাগানো রিয়েলিটি শো পাওয়ার অব টেন। অনুষ্ঠানটি বাংলাদেশে নিয়ে আসছে ডেল্টা বে। ডেল্টা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বললেন, ‘কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানটি করে আমরা সারা দেশ থেকে বিপুল সাড়া পেয়েছি। আমরা সে ধরনের অনুষ্ঠানগুলোই দেশের মানুষকে উপহার দিতে চাই, যেগুলো বিনোদনের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের জ্ঞানচর্চায়ও আগ্রহী করে তুলবে।’মকুল আরও বলেন, ‘এরই মধ্যে পাওয়ার অব টেন বাংলাদেশে আনার ব্যাপারে সনি এন্টারটেনমেন্ট করপোরেশনের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। তাদের কারিগরি সুবিধাগুলো আমরা পাচ্ছি। আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠানটির নির্মাণকাজ শুরু হবে। কিছুদিনের মধ্যেই আমাদের গবেষণা দল জরিপ পরিচালনার কাজ শুরু করবে।’ পাওয়ার অব টেন গেম শোতে কোনো একটি দেশের মানুষের ওপর বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করা হয়। সেই জরিপ থেকে তৈরি হয় প্রশ্ন। এই গেম শোতে প্রতিটি প্রশ্নে টাকার অঙ্ক দশ গুণ হয়। অনুষ্ঠানটির ভারতীয় সংস্করণ দশ কা দম-এর উপস্থাপক ছিলেন সালমান খান।